প্রচারণায় এগিয়ে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতি: বরগুনার দুটি আসন
রাজনীতি: বরগুনার দুটি আসন

আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তার পরও বরগুনায় বসে নেই প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। ইতিমধ্যে প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন তাঁরা। শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচন না করার ঘোষণা দিলেও প্রচার-প্রচারণায় আওয়ামী লীগের চেয়ে এই দলের সম্ভাব্য প্রার্থীরা বেশি তৎপর।
বিএনপির কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক স্থবিরতা, দলীয় কোন্দল, সাংসদ ও নেতাদের সীমাহীন দুর্নীতি-স্বেচ্ছাচারিতার কারণে ভোটাররা ক্ষমতাসীন দলের ওপর বিরক্ত। এই সুযোগ কাজে লাগিয়ে জেলার দুটি আসনেই এবার দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে চায় তাদের দল।
তবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার বলেন, ‘ক্ষমতাসীন দল হিসেবে আমাদের সাংগঠনিক স্থবিরতা থাকতে পারে। কিন্তু শেখ হাসিনা গত পাঁচ বছরে দেশে যে উন্নয়ন করেছেন, তাতে আগামী নির্বাচনে বরগুনার দুটি আসনে আবার নৌকা জয়ী হবে।’

বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী): বিএনপির নেতারা বলেন, গত দুটি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বিএনপির সমর্থন থাকলেও দুর্বল প্রার্থী ও কোন্দল থাকায় দল ভালো ফল করতে পারেনি। এবার বিএনপি সংগঠিত। প্রার্থী বাছাইয়ে ভুল না করলে আগামী নির্বাচনে বিএনপি জিতবে।

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল খালেক, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা ও জেলা সভাপতি মাহবুবুল আলম।

এই আসনে বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এবারও তিনি প্রার্থী হবেন। সাবেক সাংসদ দল থেকে বহিষ্কৃত দেলোয়ার হোসেন মনোনয়ন চাইতে পারেন। না পেলে এবারও স্বতন্ত্র প্রার্থী হবেন। এ ছাড়া গোলাম সরোয়ার (টুকু) ও ২০০১ সালে শেখ হাসিনার ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে মনোনয়ন পাওয়া গোলাম সরোয়ার (ফোরকান) মনোনয়ন চাইতে পারেন।

বিএনপির নেতারা বলছেন, এই আসনে ধীরেন্দ্র দেবনাথ মনোনয়ন পেলে আর দেলোয়ার স্বতন্ত্র প্রার্থী হলে আওয়ামী লীগের ভোট ভাগাভাগি হবে। আর সাবেক সাংসদ মতিয়ার বিএনপির মনোনয়ন পেলে আমতলীর বাসিন্দা হিসেবে তিনি আঞ্চলিকতার প্রভাবে আমতলী ও তালতলী উপজেলায় সুবিধাজনক অবস্থানে থাকবেন।

মতিয়ার রহমান বলেন, ‘আমতলী ও তালতলী উপজেলায় সোয়া দুই লাখ ভোটার। এই দুই উপজেলার সিংহভাগ ভোট আমি পাব বলে আশা করছি। কেননা পাঁচ বছরে এই দুই উপজেলা উন্নয়নবঞ্চিত হয়েছে। তা ছাড়া বর্তমান সাংসদের দুর্নীতি, স্বজনপ্রীতি ও তাঁর সাঙ্গপাঙ্গদের সীমাহীন লুটপাটের কারণে তাঁর জনপ্রিয়তা শূন্যের কোঠায়। আর সদর উপজেলায় দুই লাখ ভোট। আওয়ামী লীগ, স্বতন্ত্র ও ইসলামী আন্দোলনের প্রার্থী ওই এলাকার হওয়ায় সেখানে ভোট ভাগাভাগি হবে।

তবে ধীরেন্দ্র দেবনাথ এসব উড়িয়ে দিয়ে বলেন, ‘এসব বক্তব্য অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত, বরং বিএনপির আমলে এখানে কোনো উন্নয়ন হয়নি। তিন উপজেলায় সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হয়েছে।’

বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী): সড়ক দুর্ঘটনায় গোলাম সবুর নিহত হওয়ার পর ৩ অক্টোবর উপনির্বাচনে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত হাচানুর রহমান জয়ী হন। আগামী নির্বাচনেও এই আসনে তিনি মনোনয়ন পাচ্ছেন বলে জানা গেছে। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বার কাউন্সিলের সহসভাপতি খন্দকার মাহবুব হোসেন, সংস্কারপন্থী হিসেবে পরিচিত নুরুল ইসলাম (মণি)।

খন্দকার মাহবুব প্রথম আলোকে বলেন, বরগুনায় বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হলে জেলার দুটি আসনই বিএনপির প্রার্থী জয়ী হবেন।

তবে সাংসদ শওকত দাবি করেন, এই আসনে আওয়ামী লীগের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন জেলা সমেঞ্চলন না হওয়ায় বরগুনায় আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। জেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে পাঁচ বছর আগে। চলতি বছর তিনবার সমেঞ্চলনের তারিখ নির্ধারণ করা হলেও সম্মেলন হয়নি। ছয় উপজেলায় সাত মাস আগে সমেঞ্চলন হলেও কমিটি ঘোষণা করা হয়নি। চারটি পৌরসভার তিনটিতে দীর্ঘদিন সমেঞ্চলন হয়নি। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, ‘কেন্দ্রীয়ভাবে নির্দেশনা পেলে সব কমিটির সমেঞ্চলন করা হবে। নির্দেশনা না এলে এই অবস্থায়ই নির্বাচনী প্রস্তুতি নেব।’