প্রচারণায় এগিয়ে মহিলা কাউন্সিলর প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা জোরেশোরে তাঁদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বেশির ভাগ মহিলা প্রার্থী তাঁদের সমর্থকদের নিয়ে পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
সান্তাহার পৌরসভা নির্বাচনে নয়টি ওয়ার্ডের তিনটি সংরক্ষিত মহিলা আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের সবাই নির্বাচনী মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গভীর রাত পর্যন্ত তাঁরা নিজ নিজ এলাকায় দলবদ্ধভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন।
গত শনিবার সকালে শহরের ৫ নম্বর ওয়ার্ডের রেলওয়ে ইয়ার্ড কলোনি এলাকায় কাউন্সিলর পদপ্রার্থী জোহরা বেগমকে ১০-১২ জন নারীকে নিয়ে প্রচার চালাতে দেখা যায়। জোহরা বেগম বলেন, তিন দিন ধরে এলাকার নারীদের নিয়ে নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছি। গত নির্বাচনে অংশ নিয়ে তিনি সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। কিন্তু এবারের নির্বাচনে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান।
ওই এলাকার নারী ভোটার মনোয়ারা বেগম বলেন, ‘জোহরা বেগমের পাশাপাশি অন্য মহিলা প্রার্থীরাও ভোট চাইতে আসছেন। সব প্রার্থী অনেক আশার কথা বলছেন। তবে এবার দেখেশুনে ভোট দেব।’
একই দিন বিকেলে শহরের ৩ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালাতে দেখা যায় বর্তমান কাউন্সিলর ও প্রার্থী কামেলা জোহরাকে। এ সময় তাঁর সঙ্গেও ছিলেন বেশ কয়েকজন নারী সমর্থক। কামেলা জোহরা বলেন, ‘এখনো প্রতীক পাইনি। কিন্তু সময় কম। এই জন্য দলবল নিয়ে মাঠে নেমে পড়েছি।’ গতবারের মতো এবারও তিনি বিপুল ভোটে জয়ী হওয়ার আশাবাদী।
ওই এলাকার বাসিন্দা সাবেক কাউন্সিলর ও শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, প্রচারণায় সাধারণ কাউন্সিলরদের তুলনায় মহিলা কাউন্সিলররা অনেক এগিয়ে।
৮ নম্বর ওয়ার্ডের মালশন গ্রামে প্রচারণা চালাতে দেখা যায় প্রার্থী মরিয়ম বিবিকে। তিনি বলেন, ‘আমি আশা করছি এবারের নির্বাচনে ভোটাররা আমাকে অবশ্যই মূল্যায়ন করবেন।’
ওই গ্রামের বাসিন্দা মহসিন আলি বলেন, এলাকায় মহিলা কাউন্সিলর প্রার্থীদের দলবল নিয়ে প্রচারণা চালাতে দেখে ভালো লাগছে। প্রচারণার ধরন দেখে বোঝা যাচ্ছে, মহিলা প্রার্থীরা কোনো অংশেই পুরুষদের চেয়ে পিছিয়ে নেই।