প্রচারণায় খোকন ও আফরোজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন (সামনের সারিতে মাঝে) গতকাল জুরাইন এলাকায় গণসংযোগ করেন l ছবি: প্রথম আলো
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন (সামনের সারিতে মাঝে) গতকাল জুরাইন এলাকায় গণসংযোগ করেন l ছবি: প্রথম আলো

নির্বাচিত হলে নগরপিতা নয়, সন্তান¯হিসেবে ঢাকাবাসীকে আলিঙ্গন ও শ্রদ্ধা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। অন্যদিকে ওই সিটি করপোরেশন এলাকায় প্রচারণায় জনগণের মধ্য থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
শ্যামপুরের একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনী মতবিনিময় সভায় সাঈদ খোকন বলেন, ‘আমার পিতা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ নেত্রী শেখ হাসিনা ও ঢাকাবাসীর জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি আজ নেই। আপনারাই আমার পিতা, অভিভাবক। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে নগরের পিতা নয়, সন্তান হিসেবে আপনাদের আলিঙ্গন করব, শ্রদ্ধা করব।’

পরে সাঈদ খোকন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সেখানে পথসভার মাধ্যমে গণসংযোগ শুরু করেন। এরপর শ্যামপুর-যাত্রাবাড়ী এলাকায় কয়েকটি পথসভা করেন। পথসভায় তিনি বলেন, ‘আমার বাবার উন্নয়নের চিহ্ন শ্যামপুর এলাকায় লেগে আছে। যাত্রাবাড়ী ফ্লাইওভার বর্তমান সরকারের উন্নয়ন আর আমার বাবার কর্মময় জীবনের স্মৃতি বহন করছে। আপনারা আমাকে ভোট দিন। আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে এই এলাকাকে আধুনিক নগরে পরিণত করব।’ পরে সাঈদ খোকন রাজধানীর গুলিস্তান ট্রেড সেন্টার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা এবং পাটুয়াটুলী-ইসলামপুর-কসাইটুলী এলাকায় জনসংযোগ চালান।

নির্বাচনী প্রচারণা চালানোর সময় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। গতকাল সকাল সোয়া ১০টার দিকে আফরোজা আব্বাস ও বিএনপির নেতা-কর্মীরা শান্তিবাগের এরশাদ স্কুলের সামনে থেকে দ্বিতীয় দিনের মতো প্রচার শুরুর প্রাক্কালে এ দাবি করেন। 

আফরোজা আব্বাস বলেন, ‘এখনো লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান ক্ষেত্র) তৈরি হয়নি। নির্বাচন সুষ্ঠু করতে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। কেবল সরকারদলীয় নেতারাই নির্বাচনী প্রচারণার পরিবেশ পেলে সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ কমে যাবে। আশা করি, সরকার ও নির্বাচন কমিশন সেই ব্যবস্থা করবে।’

আফরোজা আব্বাস সকালে রাজধানীর শান্তিবাগ, মালিবাগ মোড়, চামেলীবাগ, শান্তিনগর ও নয়াপল্টন এবং বিকেলে মতিঝিলের জসিমউদ্দীন এলাকায় প্রচারণা চালান।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর মির্জা আব্বাসের নামে যে নতুন মামলা দায়ের হয়, সেগুলোতে জামিন না পাওয়ায় তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, ঢাকা দক্ষিণে জাতীয় পার্টি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন, সিপিবি-বাসদ সমর্থিত মেয়র প্রার্থী বজলুর রশীদ ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-সমর্থিত মেয়র প্রার্থী আবদুর রহমানও গতকাল গণসংযোগ করেন।