শিগগিরই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণায় নতুন চমক আনছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে সে চমক কেমন হবে, তা তিনি বলেননি। আগামী নির্বাচনে তিনি প্রার্থী হবেন না বলেও জানান। তিনি বলেন, ‘আমি দলের পক্ষে প্রচার চালাব। তবে আপাতত প্রার্থী হওয়ার পরিকল্পনা নেই।’ গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময়কালে জয় এসব কথা বলেন। তিনি বলেন, ‘মানুষ চমক পছন্দ করে। তবে বিরোধী দলে থেকে চমক দেখানো যত সহজ, সরকারে থেকে তা অত্যন্ত কঠিন। আমরা অনেক কাজ করেছি, ভবিষ্যতে আরও করব এবং দেশের মানুষকে চমকপ্রদ কিছু দেওয়ার চেষ্টা করব। আগামী দুই-তিন দিনের মধ্যেই আপনারা তা দেখতে পারবেন।’ জয় বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে তাকে হারানো কঠিন। এ দেশের মানুষের মনের মধ্যে আওয়ামী লীগের জায়গা। তবে দলের প্রচারের দুর্বলতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘এবার আমি এ দায়িত্ব নিয়েই প্রচারণায় নামব।’ তিনি বলেন, ‘বিরোধী দলের অপপ্রচার মোকাবিলা ও সরকারের সাফল্য জনগণের সামনে তুলে ধরতে ৯৯ ভাগ নয়, শতভাগ চেষ্টা করব। এরই মধ্যে আমাদের নেতা-কর্মীদের মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।’ জয় বলেন, ‘আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে জরিপ চালাচ্ছি। দলের অবস্থা আগের চেয়ে দিন দিন ভালো হচ্ছে। তৃণমূলের সঙ্গে পরামর্শ করে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। জরিপ ও তৃণমূলের মতামতের ভিত্তিতেই প্রার্থী ঠিক করা হবে।’ তিনি বলেন, ‘প্রচারের জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে। ফেসবুকে যেমন আমার পেজ রয়েছে। পরিকল্পনা আছে, ৩০০ প্রার্থীর ৩০০ ফেসবুকে পেজ থাকবে। এ জন্য একটি টিমও করা হয়েছে।’