প্রচারণায় প্রাধান্য পাচ্ছে নারীদের সমস্যাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর যেভাবে এলাকার উন্নয়নে কাজ করেন, নির্বাচিত হলে সেভাবে কাজ করার সুযোগ চান চট্টগ্রাম সিটি করপোরেশনের দুটি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। তাঁদের নির্বাচনী প্রচারণা ও প্রতিশ্রুতিতে নারীদের সমস্যা সমাধানের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। আবার এলাকার রাস্তাঘাট সংস্কার, মাদকমুক্ত সমাজ গড়া ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিচ্ছেন ভোটারদের।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ড (লালখান বাজার, বাগমনিরাম ও জামালখান) এবং ৮ নম্বর ওয়ার্ডের (এনায়েত বাজার, পূর্ব মাদারবাড়ী ও আলকরণ) প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে নির্বাচনের এই চিত্র পাওয়া গেছে।
জামালখান এলাকার বাসিন্দা রাশেদা বেগম প্রথম আলোকে বলেন, নারীদের যাতায়াত সমস্যাসহ শৌচাগার সংকটের কারণে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এই ব্যাপারে নারী কাউন্সিলরদের নজর দেওয়া দরকার।
দুটি ওয়ার্ডে তিনজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও বিএনপির প্রার্থী দুজন। তাঁরা হলেন বর্তমান কাউন্সিলর ও নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম (পানপাতা) ও নাছরিন আক্তার (গ্লাস)। আর আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা শাহানা আরা বেগম নির্বাচন করছেন কেটলি প্রতীক নিয়ে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মনোয়ারা বেগমের সঙ্গে সৈয়দা শাহানা আরা বেগমের।
মনোয়ারা বেগম জানান, নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, পাহাড় ধস রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবেন তিনি। এই প্রার্থীর দাবি, মানুষ তাঁর কাজ সম্পর্কে অবহিত, বেশি গণসংযোগ চালাতে হচ্ছে না।
দুবারের নির্বাচিত মনোয়ারা বেগম বলেন, ‘করপোরেশনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তহবিল থেকে কোনো বরাদ্দ পাইনি। আবার থোক বরাদ্দে একজন সাধারণ কাউন্সিলর এক কোটি টাকা পেলেও আমি পেয়েছি ৩০ লাখ টাকা। এলাকাবাসী ও ভোটারদের কাছে আমার এই সীমাবদ্ধতার কথা তুলে ধরেছি।’
এই ওয়ার্ডের আরেক প্রার্থী সৈয়দা শাহানা আরা বেগম জানান, তিনি নির্বাচিত হলে দুস্থ মহিলাদের স্বনির্ভর করার জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। নারী নির্যাতন রুখতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষের উন্নয়নে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে মন্তব্য করে শাহানা আরা বেগম বলেন, ‘ভোটারদের অধিকার ও চাওয়া পূরণ করতে সব কিছু করা হবে। প্রয়োজনে প্রশাসন থেকে বিভিন্ন প্রকল্প আদায় করে নেব।’
এদিকে ৮ নম্বর ওয়ার্ডে লড়াই হবে ত্রিমুখী। তিন প্রার্থীর দুজন হচ্ছেন আওয়ামী লীগের। তাঁরা হলেন বর্তমান কাউন্সিলর রেখা আলম চৌধুরী (কেটলি) ও নীলু নাগ (পানপাতা)। বিএনপির একক প্রার্থী আরজুন নাহার (গ্লাস)। নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
দুবারের কাউন্সিলর রেখা আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রথমবার যখন কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম, তখন অনেক সমস্যায় পড়তাম। কোনো কাজ ছিল না। তবে ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন অনেকগুলো কাজে আমাদের সম্পৃক্ত করা হচ্ছে। আর আন্তরিকতা ও ইচ্ছা থাকলে এলাকাবাসীর জন্য অনেক কাজ করা যায়।’
আরেক প্রার্থী নীলু নাগ জানান, এলাকার মূল সমস্যা জলাবদ্ধতা, সুপেয় পানির সংকট ও মাদক। নির্বাচিত হলে এসব সমাধান করার চেষ্টা করবেন তিনি।
বিএনপির প্রার্থী আরজুন নাহার মান্না জানান, নির্বাচিত হলে করপোরেশন, বেসরকারি সংস্থা (এনজিও) ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় কাজ করবেন তিনি। তাঁর বক্তব্য, চাইলে অনেক কাজ করা যায়। এ জন্য প্রয়োজন মনমানসিকতা ও আন্তরিকতা।
আরজুন নাহার অভিযোগ করেছেন, গত শুক্রবার বিকেলে নগরের ২২ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকায় প্রচারণা চালাতে গেলে সরকারদলীয় সমর্থকেরা তাঁকে বাধা দিয়েছেন।