প্রচারণায় বিএনপি ও আ.লীগের কেন্দ্রীয় নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নবগঠিত তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা।
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন ১৪ দল-সমর্থিত প্রার্থী শরীফ আহমেদের পক্ষে প্রচারণা চালান। তাঁরা বিকেলে উপজেলার কাশিগঞ্জ বাজারে এক পথসভায় শরীফ আহমেদকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। ওই দুই নেতা বলেন, শরীফকে নির্বাচিত করলে এ উপজেলার ব্যাপক উন্নয়ন হবে।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক মিলন গত বুধবার রাতে উপজেলার বালিখাঁ বাজার, চাড়িয়া বাজার ও বিষকা বাজারে ১৮ দল-সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের পক্ষে প্রচারণা চালান। এ সময় তিনি বিভিন্ন পথসভায় দল-সমর্থিত প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, স্বপ্নময় তারাকান্দা গড়তে মোতাহারকে নির্বাচিত করতে হবে। মোতাহারের জয় মানেই বিরোধী দলের জয়। তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি আপনাদের সবার পাশে থাকবেন এবং উপজেলার উন্নয়ন করবেন।
এর আগে গত সোমবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন এবং কয়েকটি পথসভায় বক্তব্য দেন। তিনি উপজেলার সব শ্রেণী-পেশার মানুষকে হেলিকপ্টার প্রতীকে ভোট দিয়ে মোতাহারকে জয়ী করার আহ্বান জানান।