ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমস্যা অনেক। কোথাও বস্তি উচ্ছেদ আতঙ্ক, কোথাও রাস্তায় ভাঙা-যানজট আবার কোথাও অবৈধ দখল। এই সমস্যাগুলো সমাধানের আশ্বাস অনেকেই দিয়েছেন। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা ভোট চাইতে এলেই স্থানীয় লোকজন সেই সমস্যাগুলো আবারও সমাধানের দাবি তুলছেন। গতকাল বৃহস্পতিবার প্রচারণায় নেমে মেয়র প্রার্থীরা ভোট চেয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিলেন।
ব্যবসায়ী নেতা এবং আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক গতকাল তাঁর প্রচারাভিযানের প্রায় পুরো সময় কাটান রাজধানীর মিরপুরের নিম্নবিত্তপ্রধান এলাকা-গুলোতে। বস্তিবাসী থেকে শুরু করে নাগরিকসমাজ বা রাজনৈতিক দলের নেতারা সবাই এই প্রার্থীর সঙ্গে দেখা করে তাঁদের সমস্যা তুলে ধরেন। দাবি জানান মেয়র হলে সব সমস্যার সমাধান করতে। আনিসুল হক জানান, নির্বাচিত হলে তাঁর ক্ষমতা অনুযায়ী সাধ্যমতো সমাধানের চেষ্টা করবেন।
আনিসুল হক গতকাল সকাল সাড়ে ১০টায় মিরপুরের সাংবাদিক কলোনি এলাকা থেকে প্রচারকাজ শুরু করেন। এ সময় বস্তিবাসীদের সংগঠন ‘এনডিবাস’-এর সঙ্গে মতবিনিময় করেন তিনি। সংগঠনটির নেতারা ঢাকা উত্তরের বস্তিবাসীদের প্রতিদিনকার সমস্যাগুলো তুলে ধরেন। সংগঠনটির সভাপতি আবদুল হামিদ ফকির আনিসুল হকের উদ্দেশে বলেন, বস্তি উচ্ছেদে হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও তাঁরা উচ্ছেদের আতঙ্কে আছেন।
এ সময় আনিসুল হক নির্বাচিত হলে দরিদ্র ও বস্তিবাসীদের জন্য সরকারের সহযোগিতায় স্বল্পমূল্যের স্বাস্থ্যসম্মত-নিরাপদ বসতির ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন।
এরপর আনিসুল হক যান মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডের মোল্লাহ মার্কেটে। সেখানে তিনি পাইওনিয়ার গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এখানে আনিসুল হককে সমর্থন জানাতে হাজির হন লাক্সতারকা ও অভিনেত্রী বাঁধন। এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ।
আনিসুল হকের সমর্থনে মানিক মিঞা অ্যাভিনিউতে ঢাকা নাগরিক সমাজের পক্ষ থেকে ‘কেমন ঢাকা চাই’ শিরোনামে নাগরিকদের এক কিলোমিটার দীর্ঘ চিঠি লেখার অনুষ্ঠান আয়োজন করে। সেখানে যোগ দেন আনিসুল হক। পুরো দিনের প্রচারণায় আনিসুল হকের সঙ্গে ছিলেন তার স্ত্রী রুবানা হক।
বেলা ১১টায় পান্থপথে অবস্থিত শমরিতা হাসপাতালের সামনে থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি নির্বাচনী প্রচারকাজ শুরু করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল, অ্যাডভোকেট আবদুস সালাম, শ্রমিকনেতা তাসলিমা আখ্তার প্রমুখ।
জোনায়েদ সাকি গ্রিনরোড, বসুন্ধরা সিটি, গ্রিন সুপার মার্কেট, ফার্মগেট হয়ে তেজগাঁও কলেজ এলাকায় প্রচারকাজ চালান। তিনি ফার্মগেটে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের পরিবহন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা আবদুল্লাহ আল ক্বাফি গতকাল তাঁর প্রচারকাজ শুরু করেন তেজগাঁও নাবিস্কো মোড় থেকে। এরপর তিনি একে একে টাঙ্গাইল বাসস্ট্যান্ড, নাখালপাড়া, কাফরুল-ইব্রাহিমপুর হয়ে ভাষানটেক এলাকার অধিবাসীদের কাছে ভোট চেয়ে প্রচার চালান।