প্রার্থীদের মধ্যে গতকাল সোমবার প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে সিলেট নগর। মাইকে প্রার্থীরা ভোটারদের ‘সালাম-আদাব’ জানানোর পাশাপাশি গণসংযোগও করছেন।‘আনারস’ প্রতীক নিয়ে এবার লড়ছেন বিদায়ী মেয়র ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। গতকাল প্রতীক পাওয়ার পর তিনি হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহের ‘দান গ্রহণ’ কেন্দ্রে গিয়ে তিনটি আনারস দান করে দরগাহ এলাকায় তাঁর প্রতীক-সংবলিত প্রচারপত্র বিলি করেন। এ সময় বলেন, ‘আনারস প্রতীক আমার পছন্দের প্রতীক। এই প্রতীক পাওয়ায় আমার প্রাথমিক বিজয় হয়েছে।’বিকেলে নগরের তেলিহাওর এলাকায় মিলাদ মাহফিলের মাধ্যমে কামরানের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন টেলিভিশন প্রতীক। তিনি টেলিভিশন প্রতীকের জন্যই আবেদন করেছিলেন। গতকাল সেই পছন্দের প্রতীক পেয়ে তিনিও খুশি। প্রতিক্রিয়ায় আরিফ বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। আমি সেই জন-আকাঙ্ক্ষা পূরণে মাঠে নেমেছি।’প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই আরিফ প্রথমে বাসায় গিয়ে মাকে সালাম করেন। সন্ধ্যার পর নগরের কেন্দ্রস্থলের জিন্দাবাজার এলাকায় কমিউনিটি সেন্টারে আরিফের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।গতকাল দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পরপরই কার্যালয় ঘিরে সমর্থকদের পদচারণাও শুরু হয়।