প্রচারণায় সরগরম সান্তাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সান্তাহার পৌরসভায় শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পৌর শহরটি। মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং তাঁদের কর্মী-সমর্থকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী রাশেদুল ইসলাম ও বিএনপির প্রার্থী বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় কার্যালয়ে চলছে নির্বাচনী কৌশলসভা।
গত শনিবার মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেনের পক্ষে পৌর বিএনপির সভাপতি ফিরোজ কামরুল হাসানকে দলীয় কর্মীদের নিয়ে সান্তাহার শহরের স্টেশন এলাকায় প্রচার চালাতে দেখা গেছে। তিনি বলেন, ‘আমিও মেয়র প্রার্থী ছিলাম, কিন্তু দল যাকে মনোনয়ন দিয়েছে সব ভেদাভেদ ভুলে তাঁর পক্ষে কাজ করছি।’
এ ছাড়া মেয়রের পক্ষে সাবেক সাংসদ আবদুল মোমেন তালুদার, নওগাঁর সাবেক সাংসদ শামসুল আলম প্রামাণিক, শামসুজ্জোহা ও কেন্দ্রীয় কমিটির নেতা কর্নেল (অব.) আবদুল লতিফ সান্তাহার শহরে প্রচারণা চালাচ্ছেন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগেও একই চিত্র। দলীয় ভেদাভেদ ভুলে দলের নেতা-কর্মীরা দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
দলীয় মনোনয়ন দেওয়ার আগে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ছিল তিনজন। বর্তমান দলীয় প্রার্থী রাশেদুল ইসলাম ছাড়া অন্য দুই প্রার্থী ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুর বারি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। দলীয় মনোনয়ন না পেলেও বর্তমানে ওই দুই প্রার্থী দলীয় প্রার্থীর পক্ষে নিরলসভাবে নির্বাচনের মাঠে কাজ করে যাচ্ছেন।
জাহেদুর বারি বলেন, ‘বর্তমানে আমাদের দলে কোনো ভেদাভেদ নেই, সবাই দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য কাজ করছি।’
পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম বলেন, দল এবারে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। এ কারণে দলের শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
এ দুই মেয়র প্রার্থীর পাশাপাশি সান্তাহার পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩০ জন ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন।