প্রচারণায় 'আস্ত ইলিশ' ব্যবহার আচরণবিধির লঙ্ঘন?

নির্বাচনী প্রচারণার সময় ‘আস্ত ইলিশ’ ব্যবহার আচরণবিধির লঙ্ঘন কি না, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন আস্ত ইলিশ নিয়ে প্রচারণা চালানোর ঘটনায় এ প্রশ্ন দেখা দিয়েছে।
সাঈদ খোকন আজ শনিবার রাজধানীর গেন্ডারিয়া ও সূত্রাপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ‘ইলিশ’ তাঁর নির্বাচনী প্রতীক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাঈদ খোকন ‘আস্ত ইলিশ’ নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। পয়লা বৈশাখকে সামনে রেখে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এমন সময় ‘আস্ত ইলিশ’ নিয়ে প্রচারণা চালানোর ঘটনাটি স্থানীয়দের মধ্যে বেশ আলোচিত হয়।
সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আচরণ বিধিমালার ৩ (ক) ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না।
তবে এই ধারায় ‘ইলিশ’ পড়বে কি না, তা নিয়ে ধোঁয়াশা আছে। কারণ, ইলিশ প্রাণী; কিন্তু জালে আটকা পড়ার কিছু সময় পরই মরে যায়।
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিশেষজ্ঞ বলেন, এটি আচরণবিধি লঙ্ঘন কি না, তা আসলে স্পষ্ট নয়। নির্বাচন কমিশনের আচরণবিধিতে এর কোনো ব্যাখ্যা নেই। নির্বাচন-সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন এমন একাধিক ব্যক্তি দাবি করেছেন, নির্বাচনে প্রতীক হিসেবে জীবন্ত হাতি বা এ ধরনের প্রাণীর ব্যবহার বন্ধ করতে আচরণবিধিতে ‘জীবন্ত প্রাণী’ ব্যবহারে বাধা-নিষেধ আরোপ করা হয়। ‘ইলিশ’ এর ক্ষেত্রে কী হবে, তা নিয়ে ধোঁয়াশা আছে। এটি স্পষ্ট হওয়া দরকার। তবে অনেক প্রার্থী প্রচারণার সময় জড়বস্তু সঙ্গে নিয়ে যান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ ইলিশ নিয়ে নির্বাচনী প্রচারণার প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই জানি ইলিশ মাছ জীবন্ত থাকে না। তবে এটি একটি প্রাণী। একে হয় খেয়ে ফেলতে হবে, না হলে পানিতে রাখতে হবে। তা না করায় এ ক্ষেত্রে ইলিশের যে ব্যবহার, তা উপেক্ষা করা হচ্ছে। আমরাও বিষয়টি নিয়ে আলোচনা করছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না বা এ সংক্রান্ত নোটিশ দেওয়ার ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করছি।’
‘আস্ত ইলিশ’ নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়ে জানতে চাইলে সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘আমি ধুপখোলা বাজারের সামনে জনসংযোগ করছিলাম। তখন আমার নির্বাচনী প্রতীক কাছে না থাকায় একজন কর্মী উৎসুক হয়ে ইলিশ মাছ এনে ফটোসেশন করে। এটা আচরণবিধি লঙ্ঘন কি না, আমার জানা নেই।’
তবে আক্ষরিকভাবে এটি আচরণবিধি লঙ্ঘন নয় বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।