প্রচারণায় 'জোকার'
পরনে লাল-হলুদ জোড়াতালির পোশাক। মাথায় লম্বা লাল টুপি। মাথা থেকে পা পর্যন্ত ঝোলানো লাল-নীল বাতি। একটু পরপর জ্বলছে বাতিগুলো। সঙ্গে হাত-মাইক। বুকে এক মেয়র প্রার্থীর পোস্টার। এ রকম সাজে বিভিন্ন ছন্দে ওই প্রার্থীর পক্ষে ভোট চাইছেন এক ব্যক্তি। তাঁকে ঘিরে ধরছে লোকজন।
ওই ব্যক্তির নাম আজাহার আলী (৫০)। বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের হাস্তাবসন্তপুর মহল্লায়। তিনি আক্কেলপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসরের পক্ষে কাজ করছেন।
১৪ ডিসেম্বর বিকেলে আজাহার আলীকে পৌর সদরের বিভিন্ন অলিগলিতে প্রচারণা চালাতে দেখা যায়। পৌর শহরের স্টেশন সড়কে ‘চারিদিকে হইচই, এবার হবে অবসরের জয়’ ছন্দ দিয়ে প্রচারণা চালান। সেখানে আজাহার আলীর সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়।
আজাহার আলী প্রথম আলোকে জানান, এভাবে তিনি স্থানীয় সরকারের আটটি নির্বাচনে প্রচারণার কাজ করেছেন। ওই আটটি নির্বাচনে তিনি যাঁর পক্ষে প্রচারণা চালিয়েছেন, তাঁরা সবাই বিজয়ী হন। ২০১১ সালে আক্কেলপুর পৌরসভা নির্বাচনে তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী আলমগীর চৌধুরীর পক্ষে প্রচারণা চালান। এবার পৌরসভা নির্বাচনের অনেক আগেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী তাঁকে প্রচারণায় নিয়োজিত করেন। পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর অন্য প্রার্থীরা তাঁকে প্রচারণার প্রস্তাব দিয়েছিলেন। ব্যস্ত থাকায় তাঁদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
আজহার আলী বলেন, ‘গোলাম মাহফুজ চৌধুরী তাঁর প্রচারণার জন্য আমাকে একটি বাইসাইকেল, পোশাক, মাইক, লাল-নীল বাতি ও ব্যাটারি কিনে দিয়েছেন। আমি নির্বাচনী নিয়ম মেনে গোটা পৌর এলাকায় প্রচারণা চালাই। প্রতিদিন পারিশ্রমিক হিসেবে দেড় হাজার টাকা পাই। এতে আমার সংসার ভালোই চলছে।’
পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওমপ্রকাশ আগরওয়ালা বলেন, আজাহার আলী নিঃসন্দেহে একজন ভালো প্রচারক। তাঁর প্রচারণায় ভোটাররা মুগ্ধ হন।