প্রচারণার অভাবে সুফল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা প্রয়োজনে সুন্দরবনে গিয়ে প্রতিবছর অনেক লোক বাঘের আক্রমণে প্রাণ হারায় ও আহত হয়। তাদের মধ্যে বেশির ভাগই হতদরিদ্র। এসব দরিদ্র পরিবারের পুরুষ সদস্য প্রাণ হারালে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় অন্য সদস্যদের মানবেতর জীবন যাপন করতে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার বাঘ বা অন্যান্য বন্য প্রাণীর আক্রমণে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান করেছে। কিন্তু এ বিষয়ে ব্যাপক প্রচার না চালানোর কারণে ভুক্তভোগীরা কোনো সুফল পাচ্ছে না। গত দুই সপ্তাহে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে দুই জেলে ও এক বাওয়ালি বাঘের আক্রমণে আহত হয়েছেন। তাঁরা কেউই উল্লিখিত বিধানের বিষয়টি জানেন না বলে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেননি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন ও পরিবেশ মন্ত্রণালয় ২০১০ সালের ১০ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে। এতে উল্লেখ করা হয়, বৈধভাবে সরকারি বনাঞ্চলে প্রবেশের পর কোনো ব্যক্তি বন্য প্রাণী বিশেষ করে বাঘ, কুমির কিংবা হাতির আক্রমণে নিহত হলে এক লাখ টাকা ও পঙ্গু হলে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পাবেন। একইভাবে সরকারি বনাঞ্চলের বাইরে আক্রান্ত ব্যক্তিও একই ধরনের ক্ষতিপূরণ পাবেন। বন্য প্রাণীর দ্বারা কোনো ব্যক্তির গবাদিপশু, ঘরবাড়ি, গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত হলে সর্বোচ্চ ২৫ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।সুন্দরবনসংলগ্ন গ্রামবাসী জানান, গত ২৯ ডিসেম্বর সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কালিন্দি নদীসংলগ্ন উলোখালি নামক খালে মাছ ধরার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের রাম চন্দ্র মুন্ডার ছেলে পরিতোষ মুন্ডা (৪৩), ৬ জানুয়ারি পাশশেখালি গ্রামের আইনুদ্দিন সরদারের ছেলে আবদুল জব্বার আলী সরদার (৫৫) কালিঞ্চি নদীসংলগ্ন কবুখালী খালে মাছ ধরার সময় এবং ১১ জানুয়ারি সাতক্ষীরা রেঞ্জের দোবেকে এলাকায় গোলপাতা কাটার সময় দাতনেখালি গ্রামের বাকের মিস্ত্রির ছেলে সুন্নত আলী মিস্ত্রি (৫৫) বাঘের আক্রমণে আহত হন। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম দাবি করেন, প্রতিটি স্টেশনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া রয়েছে বনজীবীরা তাঁদের কাছে সুন্দরবনে ঢোকার পাস নিতে এলে যেন ক্ষতিপূরণসংক্রান্ত বিষয়টি জানিয়ে দেওয়া হয়। তার পরও বনজীবীসহ অন্যদের জানানোর স্বার্থে এ বিষয়ে রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের মধ্যমে আরও প্রচার করার প্রয়োজন। ক্ষতিপূরণ পাওয়ার জন্য বাঘের আক্রমণে আহতদের পরিবার তাঁদের কাছে আবেদন করেননি। বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম আরও জানান, ক্ষতিপূরণ পাওয়ার জন্য ভুক্তভোগীদের বন কার্যালয়ে কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে আহত বা নিহত ব্যক্তির চিকিৎসার সনদ, তাঁর এলাকার ইউপি চেয়ারম্যানের সনদ, কবে এবং কোথায় বাঘে আক্রমণ করেছে, সে বিষয়টি উল্লেখ করতে হবে।শ্যামনগর উপজেলার দাতনেখালি গ্রামের জেলে অজিয়ার মোড়ল ও বাওয়ালি আবদুল ওহাব সরদার জানান, বাঘের আক্রমণে মারা গেলে কিংবা আহত হলে যে ক্ষতিপূরণ দেওয়া হয় তা তাঁরা জানেন না।