প্রচারণার গাড়িবহরে হামলা, আ. লীগ প্রার্থীসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা এলাকায় আজ শনিবার রাতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রোকনুজ্জামানের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রার্থীসহ দশজন আহত হয়েছেন। তাঁদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর একই এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়েও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে মেয়র প্রার্থী রোকনুজ্জামান সমর্থকদের নিয়ে গাড়িবহরে পৌরসভা এলাকার আরামনগর বাজারে জনসংযোগ করতে যান। সেখানে ২০-৩০ যুবক লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর গাড়িবহরে হামলা চালান। ওই যুবকেরা গাড়িবহরে থাকা তিনটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন। এরপর উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এর একপর্যায়ে চারটি গুলির শব্দও পাওয়া যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের পাঁচ শতাধিক দোকান বন্ধ হয়ে যায়। হামলা ও সংঘর্ষে প্রার্থী রোকনুজ্জামান ও তাঁর নয় সমর্থক আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিছুসংখ্যক লোক আরামনগরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে সেখানে ব্যাপক ভাঙচুর করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আওয়ামী লীগের প্রার্থী রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ফয়জুল কবির তালুকদারের লোকজন তাঁর গাড়িবহরে হামলা চালিয়েছেন।
এ ব্যাপারে জানার জন্য যোগাযোগ করেও ফয়জুল কবিরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে ফয়জুলের বড় ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার প্রথম আলোকে বলেন, বিএনপির কেউ আওয়ামী লীগের প্রার্থীর গাড়িবহরে হামলা চালায়নি; বরং আওয়ামী লীগের লোকজনই বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন প্রথম আলোকে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।