প্রচারণার পালে হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণার পালে হাওয়া লেগেছে। গতকাল সোমবার সকাল ১০টার কিছুক্ষণ পর মেয়র পদের তিন প্রার্থী নিজেদের কাঙ্ক্ষিত প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় তাঁদের গণসংযোগ ও প্রচারণা।

প্রচারণায় পিছিয়ে নেই সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ১৬০ জন প্রার্থীও। তবে কাউন্সিলর পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ চূড়ান্ত হতে বিকেল হয়ে যায়।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবর রহমান জানান, মেয়র পদপ্রার্থী শওকত হোসেন টেলিভিশন, আহসান হাবিব আনারস ও মাহমুদুল হক খান দোয়াত-কলম প্রতীক পেয়েছেন। তাঁরা এই প্রতীকগুলোই চেয়েছিলেন। তিনি বলেন, গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই মেয়র পদপ্রার্থী এবং ২৪ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ও দুজন সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

প্রতীক বরাদ্দের সময় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সদ্য সাবেক মেয়র শওকত হোসেন ছাড়া আর কোনো মেয়র পদপ্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। বিএনপি-সমর্থিত প্রার্থী আহসান হাবিবের পক্ষে উপস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান জানান, অসুস্থতার কারণে তাঁদের প্রার্থী আসতে পারেননি।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর শওকত হোসেন বের হন গণসংযোগে। তিনি নগরের নথুল্লাবাদ থেকে জেলখানা পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকার প্রায় সবটাই হেঁটে পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া ও ভোট চান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম, আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার ও জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিকদার। বিকেলে শওকত হোসেন যান ১৭ নম্বর ওয়ার্ডে। এখানে নিজের একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে তিনি ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

অসুস্থতার কারণে বিএনপি-সমর্থিত প্রার্থী আহসান হাবিব সারা দিন ঘরেই ছিলেন। তবে তাঁর পক্ষে মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার ৩ ও ৫ নম্বর ওয়ার্ডে মতবিনিময় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান ৭ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা করেন। বিকেলে ছাত্রদল এলাকায় গণসংযোগ করে।

আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মাহমুদুল হক খান জানান, প্রথম দিনেই ১০টি মাইক বের হয় তাঁর প্রচারণায়। এ ছাড়া বিকেলে তিনি ৫ ও ১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন শেষে গণসংযোগ করেন।: