প্রচারণার পাশাপাশি চলছে ভোটের হিসাব-নিকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে এখানকার হাওরাঞ্চলে এখন উৎসবের আমেজ। বিএনপি নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকেরা চষে বেড়াচ্ছেন হাওরের গ্রাম থেকে গ্রামে। গ্রামের পাশ দিয়ে ছুটে যাওয়া নৌকায় মাইকিং করে ভোট চাওয়া হচ্ছে। প্রচারণার সঙ্গে সঙ্গে কোন উপজেলায় কত ভোট পাবেন, সেই হিসাব-নিকাশ কষছেন দুই প্রার্থী।সাতবারের সাংসদ সাবেক স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার পর এ আসন শূন্য হয়। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাজনীতিতে নবাগত রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ মহিতুল ইসলাম। তিনি স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের পরিবারতন্ত্রের পরিবর্তনের স্লোগান তুলেছেন।নির্বাচনী রাজনীতির মাঠে নতুন দুই প্রার্থীই বয়সে তরুণ। কারোরই নিজস্ব ভোটব্যাংক বলে কিছু নেই। ইটনা উপজেলা সদরের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, নির্বাচনে প্রার্থীদের একজনের ভরসা বাবার পরিচয়, অন্যজনের আওয়ামী লীগের বঞ্চিত অংশ ও আওয়ামী লীগের বিদ্রোহীদের ভোট।এ আসনে মোট দুই লাখ ৭৭ হাজার ১২৬ জন ভোটার। আসনভুক্ত তিনটি উপজেলার মধ্যে ইটনায় ভোটার এক লাখ পাঁচ হাজার ৭০৬, অষ্টগ্রামে এক লাখ এক হাজার ৫১৪ এবং মিঠামইনে ৭২ হাজার ৪৯৯ জন।প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে রেজওয়ানের বাড়ি মিঠামইন উপজেলায়। আর মহিতুলের বাড়ি অষ্টগ্রামে। দুজনই নিজ নিজ উপজেলার অধিকাংশ ভোট পাওয়ার ব্যাপারে আশাবাদী। ভোট বেশি হওয়ায় দুই প্রার্থীর দৃষ্টিই এখন ইটনা উপজেলার দিকে। ভোটারদেরও ধারণা, ইটনা উপজেলায় যে প্রার্থী বেশি ভোট পাবেন, জয়ী হওয়ার সম্ভাবনা তাঁরই বেশি থাকবে।রেজওয়ানের অন্যতম নির্বাচন পরিচালনাকারী কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অষ্টগ্রাম থেকে কিছু ভোট হয়তো পাবেন। কিন্তু ইটনা ও মিঠামইনে ২০ শতাংশের বেশি ভোট পাবেন না।তবে মহিতুলের প্রধান নির্বাচন সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন, ‘মিঠামইনে আমরা যেমন কম ভোট পাব, তেমনি আমাদের প্রতিদ্বন্দ্বী অষ্টগ্রামে কম ভোট পাবেন। তবে মিঠামইনের চেয়ে অষ্টগ্রামের ভোট বেশি। আর ইটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে আমাদের প্রার্থী এগিয়ে থাকবে।’আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন অপর প্রার্থী মহিতুল। রেজওয়ান আহামঞ্চদ গতকাল প্রচারণা চালান মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ও ঘাগড়া ইউনিয়নে। সকালে সভা করেন কেওয়ারজোড় ইউপি কার্যালয়ে। এ জন্য ইউপি ভবনের বারান্দায় মঞ্চ করা হয়। পরিষদের সব কটি কক্ষ সভার কাজে ব্যবহূত হয়। অপরদিকে মহিতুল ইসলাম গতকাল সকালে অষ্টগ্রামের ইকুরদিয়া-ইসলামপুর ও কলমা ইউনিয়নে প্রচারণা চালান। বিকেলে আসেন মিঠামইন উপজেলায়। মিঠামইনের কাঠখাল ও বৈরাটি ইউনিয়নে সভা করেন। সভায় মহিতুল অভিযোগ করেন, ভোটের দিন যত এগিয়ে আসছে, সরকারদলীয় প্রার্থী তত বেশি পেশিশক্তি ব্যবহার করছেন। আজ (গতকাল) তাঁরা আচরণবিধি লঙ্ঘন করে ইউপি কার্যালয়ে সভা করেছেন।