প্রচারণার ফাঁকে ঘরও সামলাতে হচ্ছে

এক ভবন থেকে আরেক ভবন পর্যন্ত বাঁশ ও মোটা রশিতে বড় বড় কৃত্রিম মিষ্টি কুমড়া ঝুলিয়ে রাখা। রঙিন ঘুড়ি আকাশ থেকে নেমে এসেছে দোকানের সামনে। টেবিল ঘড়িও টেবিলে রাখা নেই, তাও আছে রাস্তার পাশে। মাইকে প্রার্থীদের গুণকীর্তন চলছে। বৃষ্টিতে পোস্টার ছিঁড়ে গিয়েছিল, এখন আবার নতুন পোস্টার টানানোর ধুম পড়েছে। তবে এসব আয়োজন যে প্রার্থীদের, তাঁরা সবাই পুরুষ। তাঁরা মেয়র পদপ্রার্থী ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী। এসব নির্বাচনী আমেজে সংরক্ষিত আসনের নারী প্রার্থীরা অনুপস্থিত।
গতকাল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯, ৩০ ও ৩২ নম্বর সাধারণ (সংরক্ষিত মহিলা আসন-১১) ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে নির্বাচনী আমেজ দেখা যায়। তবে সংরক্ষিত আসনের (আসন-১১) প্রার্থীদের খুঁজে পাওয়া বেশ দুষ্কর। সংরক্ষিত এই আসনের মোট আটজন নারী প্রার্থীর মধ্যে দু-একজনের স্বল্পসংখ্যক পোস্টার চোখে পড়ে। মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় রিকশায় একটি মাইক লাগিয়ে শিলপাটা প্রতীকসহ দু-একটি প্রতীকের পক্ষে ভোট চাইতে দেখা যায়। এর বাইরে সংরক্ষিত আসনের প্রার্থীদের পক্ষে তেমন কোনো আয়োজন চোখে পড়েনি। আবার কাউকে কাউকে প্রচারণার ফাঁকে ঘরও সামলাতে হচ্ছে।
মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় সংরক্ষিত আসনের প্রার্থীদের নাম জানতে চাইলে জনগণ বেশ বিপাকেই পড়েন। দু-একজন ছাড়া বেশির ভাগই জানালেন, এলাকায় তেমন প্রচার নেই, তাই সংরক্ষিত আসনের প্রার্থীদের নাম তাঁদের মনে আসছে না। কেউ কেউ প্রার্থীদের ডাকনাম বা ছোট নামটি অনেক কষ্ট করে বলতে পারলেন।
বিভিন্ন এলাকার ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজের পাশাপাশি ক্ষোভও দেখা যায়। মোহাম্মদপুর শেখেরটেক ৬ নম্বরে কথা হয় মধ্যবয়সী নারী কোহিনূর বেগমের সঙ্গে। তিনি বিভিন্ন বাসায় কাজ করেন। তিনিও জানালেন, সংরক্ষিত আসনের সব প্রার্থীকে চেনেন না। তাই এখন পর্যন্ত কোন প্রার্থীকে ভোট দেবেন, তা ঠিক করেননি। তবে নারী প্রার্থীদের মধ্যে দু-একজন এসে মিষ্টি করে ভোটও চেয়েছেন।
‘প্রাপ্তি নয়, প্রদানই হোক ব্রত’ স্লোগান সামনে রেখে সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী রোজি জয়ীতা কেটলি প্রতীকে নির্বাচন করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘তিনটি ওয়ার্ড নিয়ে নির্বাচন করতে হচ্ছে। বিশাল এলাকা। কিন্তু বেশি পোস্টার ছাপাতে পারিনি। ১০ হাজার পোস্টার ছাপিয়ে বিভিন্ন এলাকায় টানাই। বিশাল এলাকা বলে তা অনেকের চোখেই পড়েনি। এখন বৃষ্টিতে সব ছিঁড়ে গেছে। ২০ হাজার পোস্টার আরও কয়দিন পরে টানাব।’
বিকেলের দিকে রোজি জয়ীতাকে ১৫ থেকে ২০ জন নারীকে সঙ্গে নিয়ে শেখেরটেক এলাকায় বিভিন্ন গলি ও বাসায় গণসংযোগ করতে দেখা যায়। তিনি ভোট চাওয়ার পাশাপাশি সবার কাছে দোয়াও চান। রোজি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। তবে এলাকায় দলের অনেক নেতাই সেভাবে সহায়তা করছেন না বলে অভিযোগ করলেন তিনি।
আসন-১১-এর প্রার্থীরা: এই আসনে আরমিন আক্তার (গ্লাস প্রতীক), এস এম সিমা (স্টিল আলমারি), কাওছার জাহান (শিলপাটা), খাদিজা আক্তার (টিস্যু বক্স), রিনা নাসির মাধবী (পিঞ্জর), রোজি জয়ীতা (কেটলি), শাহিন আক্তার (মোড়া) এবং হোসনে আরা আক্তার (পান পাতা)—মোট আটজন কাউন্সিলর পদে নির্বাচন করছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, রিনা নাসির মাধবী স্বশিক্ষিত। নবম শ্রেণি পর্যন্ত পড়া এস এম সিমার বিরুদ্ধে দুটি মামলা বিচারাধীন। অন্যদের নামে কোনো ফৌজদারি মামলা নেই। গৃহিণী, সমাজসেবা, বিনা পারিশ্রমিকে এনজিও কর্মী, ক্ষুদ্র ব্যবসাসহ বিভিন্ন পেশার কথা উল্লেখ করেছেন প্রার্থীরা। কাওছার জাহান এবং খাদিজা আক্তারের হলফনামায় বিএ পর্যন্ত পড়াশোনার কথা বলা হয়েছে। প্রার্থীদের মধ্যে এই দুই প্রার্থীই সর্বোচ্চ শিক্ষিত।
প্রচারণার ফাঁকে ঘরও সামলাতে হয়: কাওছার জাহান কোন এলাকায়, কখন গণসংযোগ করবেন—মুঠোফোনে জানতে চাইলে দুপুরে এই প্রতিবেদককে তিনি বলেন, ‘সকাল থেকে গণসংযোগ করে এখন আমি বাসায় এসেছি। ছেলেমেয়েরা স্কুল থেকে ফিরেছে। ওদের খাওয়াতে হবে। নিজের খাওয়া ও অন্যান্য কাজ সেরে আবার বিকেলে মাঠে নামব।’
হোসনে আরা আক্তার একজন গৃহিণী। ঘর সামলানোই মূল কাজ ছিল। তাঁর স্বামী সাবেক ওয়ার্ড কমিশনার আবুল হোসেন মারা গেছেন। তাই এখন রাজনীতিতে যুক্ত হয়েছেন। হোসনে আরার দুই ছেলেমেয়ে। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা হোসনে আরা রাজনীতিতে নিজেকে ‘নতুন মুখ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি ফিল্ডে নামছি। কিন্তু বল কেমনে খেলতে হয় জানি না। একেকজন একেকভাবে বলে লাথি দিতে বলতাছে। আমিও যে যা বলে সেই অনুযায়ী লাথি মারতাছি। তাই ভুলত্রুটি হইতেই পারে।’ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
রিনা নাসির কথা বলতে পারছিলেন না। এই কয় দিনে ঘরে ঘরে প্রচারণায় তাঁর কণ্ঠ বসে গেছে। তিনি গতকাল বসে ছিলেন আর তাঁর পক্ষের লোকজন ভোট চেয়েছেন।
এই প্রার্থীদের একটাই দাবি, নির্বাচনে যাতে কোনো কারচুপি না হয়। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মতো সংরক্ষিত আসনের প্রার্থীরাও লিফলেটে নির্বাচিত হলে এলাকার জন্য কী কী করবেন, তার ফিরিস্তি দিয়েছেন। এলাকার গরিবের পাশে থাকারও অঙ্গীকার করেন। প্রার্থীরা তাঁদের প্রতীক নিয়ে বিব্রত, সে কথাও জানালেন।