প্রচারণার মাঠে স্ত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে তিন মেয়র পদপ্রার্থীর স্ত্রী গণসংযোগে নেমেছেন। নারী কর্মী-সমর্থক নিয়ে তাঁরা পৌর এলাকার প্রতিটি মহল্লার বাড়ি বাড়ি গিয়ে স্বামীর পক্ষে ভোট চাইছেন। মেয়র প্রার্থীদের স্ত্রীকে কাছে পেয়ে নারী ভোটাররা বিভিন্ন দাবি-দাওয়া করছেন। স্বামীরা মেয়র পদে নির্বাচিত হলে এসব দাবি-দাওয়া পূরণ করবেন বলে আশ্বাস দিচ্ছেন তাঁরা। তবে তাঁরা পৃথকভাবে গণসংযোগ চালাচ্ছেন বলে জানা গেছে।উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ১৪০ জন। নয়টি ওয়ার্ডে পুরুষের চেয়ে এক হাজার ২০ জন নারী ভোটার বেশি। মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন মো. কামরুজ্জামান কমল, সৈয়দ নাজমুল হুদা ও আলমগীর চৌধুরী বাদশা। ১২ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।জানা গেছে, তফসিল ঘোষণার পরপরই তিন মেয়র পদপ্রার্থীর স্ত্রীরা মহল্লায় মহল্লায় গণসংযোগ শুরু করেন। প্রতীক বরাদ্দের পর পরই তাঁরা নারী কর্মী-সমর্থক নিয়ে জোরেশোরে গণসংযোগে নেমে পড়েন।নাম প্রকাশ না করার শর্তে একজন মেয়র প্রার্থীর স্ত্রী জানান, কোন মেয়র প্রার্থীর স্ত্রী কোন মহল্লায় যাচ্ছেন তা আগেই তাঁর নারী কর্মী-সমর্থকদের কাছে জানতে পারছেন। তিনি তখন ওই মহল্লায় যাচ্ছেন না। তিনি আরও জানান, গণসংযোগ করার কারণে গত এক মাসে সংসারের দেখাশোনা করতে পারেননি। সকালের নাশতা খেয়ে বের হয়ে রাতে ঘরে ফিরে যান। কয়েক দিন দুপুরের খাবার ভোটারের বাড়িতেই খেয়েছেন। পালপাড়া মহল্লার বাসিন্দা মমতাজ বেগম জানান, তিন মেয়র প্রার্থীর স্ত্রী বাসায় এসে তাঁর কাছে ভোট চেয়েছেন। মহল্লায় আসা-যাওয়ার রাস্তা ভাঙাচোরা ও ড্রেন না থাকায় অসুবিধা হচ্ছে। এসব সমস্যার কথা প্রার্থীদের স্ত্রীকে বলেছেন।