রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের বিরুদ্ধে টাকা ছড়ানোসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্রার্থীরাও একে অন্যের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করছেন। একাধিক কাউন্সিলর পদপ্রার্থী জানান, বিষয়টি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবেও জানানো হয়েছে। আজ শুক্রবার রাত ১২টায় বাঘাইছড়ি পৌর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষ হবে। নির্বাচন হবে ৮ জানুয়ারি। এ প্রসঙ্গে কাউন্সিলর পদপ্রার্থী আবদুর রউফ বলেন, কয়েকজন ছাড়া অধিকাংশ মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী টাকার বিনিময়ে ভোট কিনছেন।আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. জমির হোসেন বলেন, ‘নির্বাচনের জন্য যা টাকা প্রয়োজন তা খরচ করছি। বাড়তি খরচ করার মতো কোনো টাকা নেই।’বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মুন্সি মিয়া টাকা ছড়ানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এ পর্যন্ত ভোটারদের কোনো টাকা দিইনি। এলাকায় আমার এমনিতেই জনপ্রিয়তা রয়েছে। টাকার বিনিময়ে ভোট কেনা প্রয়োজন হবে না।’ বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেয়র পদপ্রার্থী আলমগীর কবির বলেন, তিনি ভোটারদের কোনো টাকা দেননি। তবে অন্য প্রার্থীরা টাকা ছড়াচ্ছেন বলে তিনি দাবি করেন।এ ব্যাপারে ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, ‘বিচ্ছিন্নভাবে কালোটাকা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাচ্ছি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে সাজা দিয়েছি।’