ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রচারণার সময় নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনের আওয়ামী লীগের সাংসদ আফতাব উদ্দিন সরকারের আত্মীয়স্বজনের বিরুদ্ধে ওই আসনের জাতীয় পার্টির সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী তাঁকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে গত বুধবার সংবাদ সম্মেলন করেছেন। একই রাতে ওই অভিযোগে তিনি ডিমলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শহরের মাধার মোড় এলাকায় অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয়ে বুধবার রাত ১১টার দিকে ওই সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে জাফর ইকবাল সিদ্দিকী অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় ডিমলার নাউতারা ইউনিয়নে দলীয় প্রার্থীর পথসভায় অংশ নিয়ে তিনি শালহাটি মসজিদে নামাজ পড়তে যান। মসজিদ থেকে বের হওয়ার পথে ২০ থেকে ২৫ জন যুবক জয় বাংলা স্লোগান দিয়ে তাঁর ওপর হামলার চেষ্টা চালান। হামলাকারীরা ভয়ভীতি প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে লাঞ্ছিত করলে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগে পালিয়ে যান হামলাকারীরা। হামলাকারীরা সবাই ক্ষমতাসীন দলের ও স্থানীয় সাংসদের আত্মীয়স্বজন।
এ বিষয়ে সাংসদ আফতাব উদ্দিন সরকার গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকায় আছি। যেটা শুনেছি তা হচ্ছে, সেখানে নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিপক্ষে কটূক্তি করায় দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা হয়েছে।’