প্রচারণার সময় নিজ দলের মনোনয়ন বঞ্চিতদের হামলা!
কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপির মনোনীত প্রার্থী আবদুল আজিজ খান ও তাঁর কর্মীদের ওপর দলের মনোনয়ন বঞ্চিত রহমত আলী রব্বানের সমর্থকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীসহ সাতজন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে মিরপুর বাজারে এ ঘটনা ঘটে।
মিরপুর থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার দিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবদুল আজিজ খানকে সঙ্গে নিয়ে প্রচারণায় নামেন রাগীব রউফ। এ সময় দল থেকে মনোনয়ন না পাওয়া পৌর বিএনপির সভাপতি রহমত আলী রব্বানের সমর্থকেরা হঠাৎ করে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে রাগীব রউফ, জেলা যুবদলের সদস্য হেলাল উদ্দিন ও যুবদল কর্মী দেলোয়ার হোসেনসহ সাতজন আহত হন। এর মধ্যে হেলাল উদ্দিন ও দেলোয়ারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রাগীব রউফ মুঠোফোনে প্রথম আলোকে জানান, ‘সন্ধ্যা সাতটায় মিরপুর বাজারে প্রচার চালানোর সময় বিএনপির একটি অংশের নেতারা হঠাৎ করে হামলা করে। হামলাকারীরা সবাই আমার চেনা। এ ঘটনা ন্যক্কারজনক।’
তবে পৌর বিএনপির সভাপতি রহমত আলী রব্বান হামলার বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, বিএনপি নেতা রব্বানের লোকজন হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিক ভাবে জানা গেছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।