প্রচারণার সুফল, মহাস্থানগড়ে বন্ধ হলো খননকাজ
বগুড়ার সদর ও শিবগঞ্জে অবস্থিত ঐতিহাসিক মহাস্থানগড়ে অবশেষে খননকাজ বন্ধ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানোর পর স্থানীয় লোকজন ৬ মার্চ থেকে খননকাজ বন্ধ করে দেয়।স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াই হাজার বছরের প্রাচীন নগর পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড়। এর উত্তর, দক্ষিণ ও পশ্চিম প্রান্তের ১৫ কিলোমিটারজুড়ে মাটির নিচে রয়েছে প্রাচীন ও দুর্লভ প্রত্নসামগ্রী। নজরদারি না থাকায় ইতিমধ্যে এই এলাকা থেকে বহু মূল্যবান পুরাকীর্তি চুরি হয়ে গেছে। পাশাপাশি প্রাচীন নিদর্শন আছে এমন টিলা বা ঢিবি কেটে বাড়িঘর নির্মাণ এবং আবাদি জমি তৈরি করা হচ্ছে।প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে, মহাস্থানগড়ের উত্তরে রয়েছে ভাসুবিহার লালনদা বিশ্ববিদ্যালয়ের শাখা, বিহার গ্রাম, চক দৌলতপুর, জাতপনরটিকা, শুরদীঘির ধাপ, সবদলদীঘি, শাচিয়ান, দৌলতপুর, শ্যামপুর, ধলমহনী, মথুরা, চিংগেসপুর ও চকসেকেন্দারবাদ; দক্ষিণ-পশ্চিমে বড় সরলপুর, টেংরা, বামনপাড়া, সরলপুর ও পলাশবাড়ী; দক্ষিণ-পূর্বে গোকুল ও বাঘোপাড়া এবং দক্ষিণ-পশ্চিমে চাঁদমুহা হরিপুর, শশীবদনী, রজাকপুর, পিরাপাঠ যুগির ভবন, আড়োলা, আশোকোলা ভীমের জাঙ্গাল, দশটিকা, চানপুর, বারপুর, নওদাপাড়া, রামশহর ও বাঘোপাড়া।প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে, এখানে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে ৩৩টি টিলা বা ঢিবি কেটে আবাদি জমি ও বাড়িঘর তৈরি করা হচ্ছে। এতে পুরাকীর্তি ধ্বংস হয়ে যাচ্ছে। এ অবস্থায় ২ মার্চ হাইকোর্ট মহাস্থানগড়ের পুরাকীর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করা থেকে বিরত থাকার জন্য প্রশাসনকে ওই এলাকায় মাইকিং ও প্রচারপত্র বিতরণ করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ৫ মার্চ মহাস্থানগড়ের বিভিন্ন এলাকায় খননকাজ বন্ধ রাখার বিষয়ে মাইকিং করা হয় এবং বিতরণ করা হয় প্রচারপত্র। এ সময় স্থানীয় লোকজনকে খননকাজের মাধ্যমে পুরাকীর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস না করার বিষয়ে অনুরোধ জানানো হয়। এতে সাড়া দিয়ে স্থানীয় লোকজন ৬ মার্চ থেকে খননকাজ বন্ধ করে দেয়।মহাস্থানগড় জাদুঘরের কাস্টোডিয়ান নাহিদা সুলতানা জানান, মহাস্থানগড়ের আশপাশে ১৫ কিলোমিটারের মধ্যে ২০-২৫ ফুট খনন করলেই পুরাকীর্তি পাওয়া যায়। স্থানীয় লোকজন উঁচু ঢিবি বা টিলা কেটে পুরাকীর্তি ধ্বংস করছে। এসব জমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় অধিগ্রহণ করার জন্য কয়েক দিন আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।