প্রচারণায় আ.লীগ প্রার্থীরা, নামতে পারেনি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। ঢাকায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা প্রথম দিনেই জোরেশোরে প্রচারণা শুরু করে দিয়েছেন। কিন্তু বিএনপি-সমর্থিত প্রার্থীরা এখনো মাঠে নামতে পারেননি। তাঁদের কেউ ছিলেন আদালতে, কেউ আত্মগোপনে।
আবার বিএনপি ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে কাউকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সমর্থন জানায়নি। চট্টগ্রামে অবশ্য উভয় দলের সমর্থিত প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।
গতকাল বেলা ১১টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন আনুষ্ঠানিক প্রচারণা শুরুর উদ্দেশ্যে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ীর প্রবেশমুখে পথসভার আয়োজন করেন। এ সময় জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সাঈদ খোকন বিপুল সমর্থকের একটি শোভাযাত্রা নিয়ে সেখানে উপস্থিত হন। ফ্লাইওভারের প্রবেশমুখ থেকে টোল প্লাজা পর্যন্ত মিছিলও করেন তিনি।
নির্বাচন কমিশনের আচরণবিধির ধারা ৬-এর (১) ক দফায় বলা হয়েছে, ‘পথসভা বা ঘরোয়া সভা ব্যতীত কোনো জনসভা বা শোভাযাত্রা করা যাইবে না।’ দফা খ-তে বলা হয়েছে, ‘দফা ক-তে যাহা কিছুই থাকুক না কেন, জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করিতে পারে এইরূপ কোনো সড়কে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি পথসভা করিতে পারিবেন না বা তদুদ্দেশ্যে কোনো মঞ্চ তৈরি করিতে পারিবেন না।’
এদিকে আত্মগোপনে থাকা মির্জা আব্বাসের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম গতকাল সাংবাদিকদের বলেন, মির্জা আব্বাস ৩৭টি মামলায় জামিনে আছেন। কিন্তু তিনটি মামলায় জামিন না পাওয়ায় নির্বাচনী প্রচার শুরু করতে পারছেন না।
মির্জা আব্বাসের গণমাধ্যম শাখার সদস্য জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আজ বুধবার মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচার শুরু করা হবে। পুলিশের ক্রসফায়ারে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান মনিরের বাসার সামনে থেকে (তিলপাপাড়া বড় মসজিদ) আজ সকালের দিকেই দলের নেতা-কর্মী ও সমর্থকেরা এই প্রচারণা শুরু করতে পারেন।
ঢাকা দক্ষিণে জাতীয় পার্টি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন গতকাল পুরান ঢাকার আমলীগোলা থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন। সিপিবি ও বাসদ-সমর্থিত বজলুর রশীদ ফিরোজ আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিক প্রচারে নামবেন।