প্রচারণায় কান নয়, প্রাধান্য দিতে হবে আইন ও বিবেককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, কোনো কোনো মামলার ক্ষেত্রে বেশি প্রচারণা (প্রপাগান্ডা) হয়। বাইরের সেই প্রচারণায় কান দিতে গিয়ে বিচারকেরা ন্যায়বিচার নিশ্চিত করতে না পারলে তা সমাজের জন্য ক্ষতিকর হবে। বিচারের স্বার্থে প্রচারণায় কান দেবেন না, প্রাধান্য দিতে হবে আইন ও বিবেককে। ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন’-এর ২১তম বার্ষিক সাধারণ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, কখনো নিজেদের ছোট ভাববেন না, হীনম্মন্যতায় ভুগবেন না। হূদয়ে যদি বিচারকের স্বাধীনতার ধারণা মরে যায়, তাহলে কোনো সংবিধান, ধর্মগ্রস্থ দিয়ে তা পুনরুদ্ধার করা সম্ভব নয়। তিনি বলেন, বিচারব্যবস্থা, বিচার ও আদালতের ওপর দেশের মানুষের আস্থা রয়েছে। আস্থা না থাকলে বিচারপ্রার্থীরা আদালতে আসত না। এ বিশ্বাস অক্ষুণ্ন রাখতে হবে। এ বিশ্বাসে যাতে ফাটল না ধরে, সে জন্য সচেষ্ট থাকতে হবে। অ্যাসোসিয়েশনের সভাপতি কানিজ আক্তার নাসরিনা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, এস কে সিনহা, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, অ্যাসোসিয়েশনের মহাসচিব শারমিন নিগার বক্তব্য দেন। বিচারকদের আবেগতাড়িত না হওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘যে রায় দেবেন, তা যেন নৈর্ব্যক্তিক হয়। ঘটনা ও আইন দেখে রায় দেবেন। বিচারক হন আর যা-ই হন, আপনারা নারী। তাই কখনো কখনো প্রকৃতিগতভাবে নমনীয়তা আসতে পারে। সে জন্য বিচারক হিসেবে নৈর্ব্যক্তিক হতে হবে।’বিচারের স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘মনোযোগ দিয়ে কাজ করবেন। সৃষ্টিকর্তা, বিবেক ও নথিপত্র বিবেচনা করে রায় দেবেন। অন্য কিছু শোনার দরকার নেই। নিজের বিশ্বাস অর্জনের জন্য পড়াশোনা করবেন। মেধা দিয়ে আপনাদের এগিয়ে আসতে হবে—এমনটাই প্রত্যাশা করবেন। আমরা কেবল সহযোগিতা করব। নিজের মেধার পুরস্কার অবশ্যই পাবেন।’ বক্তব্য পর্বে আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, বিচার অঙ্গনে নানা সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু বিচারপ্রার্থীর প্রত্যাশা সুবিচার পাওয়া। এটা নিশ্চিত করতে হবে।ইনস্টিটিউটের হলরুমে দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলনে অ্যাসোসিয়েশনের সহ-সভানেত্রী তানজিনা ইসমাইলসহ সারা দেশ থেকে আসা শতাধিক নারী বিচারক অংশ নেন। দ্বিতীয় পর্বে অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন, গঠনতন্ত্র সংশোধন ও বিচারকদের মধ্যে মতবিনিময় হয়। সূচনা বক্তব্যে মহাসচিব শারমিন নিগার ১৯৯০ সালে অ্যাসোসিয়েশের যাত্রা শুরুর প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন।