সিলেট সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় তৎপর ১৪ দল ও ১৮ দলের কেন্দ্রীয় নেতারা। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রচারণায় নেমেছেন। অন্যদিকে ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের পক্ষে মাঠে তৎপর আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। একটি সূত্র থেকে জানা গেছে, আজ শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি দল সিলেটে আসছে। অন্যদিকে বিএনপির নেতাদের একটি দল সিলেটে আসছে কাল শনিবার। বিএনপির নেতা শমসের মবিন চৌধুরী গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের শিবগঞ্জ ও নাইওরপুল এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, নেত্রকোনা বিএনপির সভাপতি ফজলুর রহমান ও সাবেক সাংসদ নাসের রহমান। পথসভায় দল-সমর্থিত প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে শমসের মবিন চৌধুরী বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের স্বপ্নময় সিলেট গড়তে আরিফুল হক চৌধুরীকে নির্বাচিত করতে হবে। যাঁরা অতীতে সিলেটের উন্নয়নের নামে শুধু চাপাবাজি করেছেন, তাঁদের সঠিক জবাব দিতে হবে আরিফুল হক চৌধুরীকে নির্বাচিত করে। আরিফের জয় মানে বর্তমান সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের আন্দোলনের বিজয়।’ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ গতকাল নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ‘মেয়র পদে বদরউদ্দিন আহমদ কামরানের কোনো বিকল্প নেই। শাসক না হয়ে জনগণের সেবক হয়ে কাজ করেছেন তিনি।’জনগণের প্রতি আহ্বান জানিয়ে মিসবাহউদ্দিন বলেন, ‘কামরান দল-সমর্থিত প্রার্থী হলেও দলমতের ঊর্ধ্বে উঠে তাঁকে নির্বাচিত করুন।’ তিনি গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে কামরানের পক্ষে প্রচারণা চালান। এ সময় বিভিন্ন পথসভায় তিনি বক্তব্য দেন।দুই প্রার্থীর মুখে একই সুর: গত দিনগুলোর প্রচারণায় দুই মেয়র পদপ্রার্থী উন্নয়ন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিলেও গতকালের প্রচারণায় দুজনের মুখে ছিল একই সুর। দুজনই এক সুরে বলেছেন, তাঁরা শাসক নন, নগরবাসীর ‘সেবক’ হওয়ার সুযোগ চান। গতকাল নগরের সাদারপাড়া, পশ্চিম তেররতন, জালালাবাদ আবাসিক এলাকা, ফাজিলচিশ্ত, পীরমহল্লা ও নয়াসড়ক এলাকায় গণসংযোগ করেন বদরউদ্দিন আহমদ কামরান। এ সময় তিনি বলেন, ‘সিটি করপোরেশন সেবামূলক প্রতিষ্ঠান। সেবার জন্য নগরবাসী মেয়র-কাউন্সিলর নির্বাচিত করেন। সে হিসেবে আমি মেয়র থাকাকালে নগরবাসীর সেবা করেছি, সেবক হওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। কখনোই নগরবাসীকে শাসনের চেষ্টা করিনি।’ আরিফুল হক চৌধুরী গতকাল বিকেলে নগরের ভাতালিয়া, শেখঘাট, কাজিরবাজার এলাকায় গণসংযোগকালে বলেন, তিনি নগর পিতা নন, নগরের সেবক হতে চান। তিনি বলেন, ‘নগরবাসী যদি আমাকে ভোট দিয়ে তাঁদের সেবক নির্বাচিত করেন, তাহলে প্রকৃত অর্থেই জনসেবা করব। সেবক হয়ে নগরবাসীর আকাঙ্ক্ষা পূরণ করব।’