মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভায় গত কয়েক বছরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। পাকা রাস্তা হয়েছে অনেক এলাকায়। নাগরিক সুবিধাও আগের চেয়ে বেড়েছে। তবে উন্নয়ন ছাপিয়ে বিচ্ছিন্ন এই দ্বীপের মানুষের প্রধান সমস্যা এখন ‘সন্ত্রাস’। পৌরসভা নির্বাচনের প্রচারণাতেও সন্ত্রাস নির্মূলের বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। প্রার্থীরাও ভোটারদের কাছে সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার করছেন।
সরেজমিনে গতকাল শনিবার পৌরসভার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র প্রার্থীদের জয়-পরাজয়ে নৌকা কিংবা ধানের শীষ প্রতীককে তাঁরা বিবেচনায় নিচ্ছেন না। তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ কোন প্রার্থী সন্ত্রাস দমন করতে পারবেন। সন্ত্রাস দমনে কে ভূমিকা রাখতে পারবেন। নৌকা প্রতীকের জাফর উল্লাহ নাকি ধানের শীষ প্রতীকের আজমত আলী বাহাদুর?
ঈদুল আজহার আগের পৌরসভার পশুরহাটে জোড়া খুন এবং এর আগে ৯ নম্বর ওয়ার্ডে স্কুলপড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মানুষের মন থেকে এখনো মুছে যায়নি সেই স্মৃতি। এ দুটি বড় ঘটনা ছাড়াও সন্দ্বীপে বছর দুয়েক ধরে নীরব সন্ত্রাস চলছে বলে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসীদের দৌরাত্ম্য নিয়ে আমরা চিন্তিত। পৌরবাসী সন্ত্রাসমুক্ত সন্দ্বীপ ও পৌরসভা চায়। তাই আমরা এবার বুঝেশুনে ভোট দেব।’
পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দুজন। একজন বর্তমান মেয়র ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জাফর উল্লাহ। অন্যজন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজমত আলী বাহাদুর। ভোটের জন্য দুজনই পৌর এলাকার এপ্রান্ত-ওপ্রান্ত চষে বেড়াচ্ছেন।
গতকাল সকালে গণসংযোগ করার সময় জাফর উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এত উন্নয়নকাজ করার পর যদি সন্ত্রাসের কাছে সব চাপা পড়ে যায়, সেটা হবে দুঃখজনক। নির্বাচনের কারণে এক-দেড় বছর অনেক কিছু মেনে নিয়েছি। কিন্তু সন্দ্বীপ পৌরসভায় একটি মানুষের গায়েও আর টোকা দেওয়া যাবে না। জয়ী হলে সন্ত্রাস নির্মূল এবং উন্নয়নকাজ সমান্তরালভাবে চলবে।’ সন্ত্রাস নিয়ে ভোটারদের আশঙ্কার বিষয়ে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘আপনি সরেজমিন ঘুরে দেখেন, কারা সন্দ্বীপকে রক্তাক্ত করেছিল। আর আমার কী ভূমিকা ছিল। ভোটাররা ব্যালটের মাধ্যমে সবকিছুর জবাব দেবে।’
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্দ্বীপ আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত। একদিকে আছেন আওয়ামী লীগের সাংসদ মাহফুজুর রহমান, অন্য অংশের নেতৃত্বে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান। পৌর মেয়র জাফর উল্লাহ উপজেলা চেয়ারম্যানের সঙ্গে আছেন। ফলে ধানের শীষ প্রতীক ছাড়াও জাফর উল্লাহকে নিজ দলের একটি অংশকেও মোকাবিলা করতে হচ্ছে।
তবে সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তবে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। দলের মেয়র প্রার্থীকে ঐকমত্যের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হয়েছে। সব নেতা-কর্মীই তাঁর পক্ষে কাজ করছেন।’
সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সাংসদ বলেন, নিকট অতীতে যে দুটি ঘটনা ঘটেছে, এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। ব্যক্তিস্বার্থে ওই দুটি ঘটনা ঘটেছে। সন্ত্রাস নির্মূলে তিনি কাজ করছেন।
দলে বিভক্তি রয়েছে কি না জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘আমরা একতাবদ্ধ। তবে সন্ত্রাসীরা তাদের সুবিধার জন্য দলের কোনো কোনো নেতাকে ব্যবহার করতে পারে। সন্ত্রাস নির্মূলে সাংসদ ও মেয়রের সহযোগিতা চাই।’
ভোটাররা জানান, পাঁচ-ছয় বছর আগেও বর্ষাকালে পৌরসভার যে রাস্তায় কাদায় পা আটকে যেত, সেই রাস্তায় এখন গাড়ি চলে। পানিনিষ্কাশনের জন্য পাকা নর্দমা করা হয়েছে। জলাবদ্ধতা দূর করতে খালগুলো পরিচ্ছন্ন রাখা হয়েছে। উন্নয়নের জন্য বর্তমান মেয়রকে কৃতিত্ব দিচ্ছেন অনেক ভোটার। তবে নির্বাচনী প্রচারণায় উন্নয়নের চেয়ে সন্ত্রাস নির্মূলের বিষয়টি বেশি আলোচিত হচ্ছে। সন্ত্রাসের কারণে সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগ নেতৃত্ব।
গতকাল শনিবার ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করছিলেন বিএনপির আজমত আলী বাহাদুর। সুষ্ঠু নির্বাচন নিয়ে নিজের শঙ্কার কথা জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে গতকাল যাঁরা গণসংযোগে ছিলেন, তাঁরা আজ আর আসছেন না। কারণ, তাঁদের ভীতি দেখানো হচ্ছে। ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে।’
ভীতিকর পরিবেশ কারা তৈরি করছেন, জানতে চাইলে বাহাদুর বলেন, ‘আমরা বিরোধী দলে আছি। প্রশাসনকে কাজে লাগিয়ে এই সুযোগটি সরকারি দলের প্রার্থী নিতে চান। ভীতিকর পরিবেশ তৈরি করে তাঁরা জিততে চান।’
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুদ্দীন প্রথম আলোকে বলেন, ‘দুজন মেয়র প্রার্থী তরুণ। দুজনই ছাত্রনেতা ছিলেন। দুজনই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে আসছেন। এ কারণে উভয় প্রার্থী সম্পর্কে ভোটারদের ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে।’
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার মনিরুল ইসলাম অবশ্য প্রথম আলোকে বলেন, কোরবানি ঈদের আগে সন্দ্বীপের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক ছিল। কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ার পর এখন কিছুটা উন্নতির দিকে। তবে নির্বাচনের আগে সরকার-সমর্থক সন্ত্রাসীরা আবার ফিরে এলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা থেকে যাবে।