প্রচারণায় জন্মভিটার সম্মান আর সাংসদের জনপ্রিয়তা
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া—এ কথা বলে সবগুলো উপজেলার মতো সোনাতলায়ও প্রচারণা চালাচ্ছেন দল-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁর লোকজন। তাঁরা বলছেন, জিয়ার জন্মভিটায় দলীয় প্রার্থীকে জিতিয়ে আনা চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আত্মসম্মান রক্ষার চ্যালেঞ্জ।
অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচারণায় দলীয় সাংসদের জনপ্রিয়তা ও পাঁচ বছরের উন্নয়নের কথা তুলে ধরা হচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, ১৯ ফেব্রুয়ারির নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মোহাম্মদ জিয়াউল করিম আনারস প্রতীকে ও উপজেলা বিএনপির সভাপতি বর্তমান চেয়ারম্যান এ কে এম আহসানুল তৈয়ব জাকির মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত শনিবার সোনাতলার বিভিন্ন এলাকার নানা শ্রেণী-পেশার ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় দুই দলের সমর্থন পাওয়া দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চলেছে জোরেশোরেই।
শিচারপাড়া গ্রামের একটি দোকানের সামনে বসে আলাপ করছিলেন কয়েকজন ভোটার। তাঁরা জানান, গত পাঁচ বছর আওয়ামী লীগের সাংসদ আবদুল মান্নান এলাকাবাসীর সঙ্গে মিশেছিলেন। তাঁর বদৌলতে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। জিয়াউল করিমের হয়ে প্রচারণায় নেমেছেন সাংসদ মান্নান। এ কারণে প্রচারণার মাঠে বেশ সুবিধাজনক অবস্থানে আছেন জিয়াউল।
কৃষক আবু মুসা বলেন, ‘ধানের শীষের এলাকাত বিএনপির প্রার্থীরই উটপি বলে হামার মনে হচ্ছে। বিএনপির প্রার্থী ভোট চাবার অ্যাসে কচ্চে, জিয়াউর রহমানের বাড়ি বগুড়াত। সেটি তোমরা অন্যক ভোট দিবিন? তাঁর সমঞ্চান রাখবিন না? জিততি না পারলি তারেক রহমান আর খালেদা জিয়ার মুখ ছোট হবি না?’
কথা কেড়ে নিয়ে আরেক কৃষক আবদুল বারী বলেন, ‘পাঁচ বছর মান্নান এমপি হামাকেরে সুখে-দুঃখে পাশত ছিলেন। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করে দিচেন, মসজিদ-মাদ্রাসাত হাজার হাজার টাকার অনুদান দিয়েচেন। তিনি ভোট চাইতে নামিচেন। তাঁর কথা হামলায় ফ্যালমো ক্যামনে?’
রানীরপাড়া বাজারের ভোটাররাও প্রায় একই কথা বলেন। গ্রামের বৃদ্ধ আনোয়ারা বেগম বলেন, ‘ম্যালা লোক ভোট চাবার আসিচ্চে। কেউ কচ্চে, এমপির মুখের দিকে দেকে আনারস মার্কাত ভোট দিবিন। আবার কেউ কচ্চে, ধানের শীষের এলাকাত বিএনপির প্রার্থীক ভোট দিবিন।’
চেয়ারম্যান প্রার্থী আহসানুল তৈয়ব অভিযোগ করেন, ‘সরকারি দলের সাংসদ আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে বিভিন্ন গ্রামে সভা-সমাবেশ করে নানা প্রতিশ্রতি দিচ্ছেন। উপজেলার কলসদহপাড়া, কামারপাড়া, পশ্চিম তেকানী, সুজায়েতপুর গ্রামে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাতারাতি খুঁটি বসানো ও তার টানা হচ্ছে। আউচাপাড়া চরে গতকাল রোববার গরু জবাই করে ভোটারদের খাইয়ে প্রভাবিত করা হয়েছে। এ ব্যাপারে লিখিতভাবে অভিযোগ দিয়েছি।’
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিয়াউল করিম বলেন, ‘পাঁচ বছর ধরে সাংসদ প্রতিটি পাড়া-মহল্লায় মানুষের পাশে ছুটে গেছেন। এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। তাঁর প্রতি মানুষের অন্য রকম আস্থা ও ভালোবাসা রয়েছে। তিনি আমার হয়ে ভোট চাওয়ায় ভোটাররা আমার প্রতি আস্থাশীল।’
সোনাতলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার মণ্ডল বলেন, ‘প্রতিদিনই কোনো না কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন। কিন্তু তদন্ত করে সেসবের সত্যতা মিলছে না।’