ইলিশসম্পদ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে গতকাল রোববার পটুয়াখালী মৎস্য বিভাগের উদ্যোগে মা ইলিশ রক্ষায় ইতিমধ্যে পোস্টার-ব্যানার লাগানো শুরু হয়েছে। বিতরণ করা হচ্ছে লিফলেট। মাইকিং করে চালানো হচ্ছে প্রচার।
মৎস্য বিভাগ আশা করছে, এতে জেলেদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া পড়বে ও সচেতনতা সৃষ্টি হবে। এ কারণে আগামী বছর ইলিশের উৎপাদন কমপক্ষে পাঁচ গুণ বৃদ্ধি পেতে পারে।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ‘প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ কর্মসূচি’ বাস্তবায়নে নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকারের তরফ থেকে এ বছর ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ জন্য সরকারিভাবে নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইলিশের প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী থেকে হাইদকান্দি পয়েন্ট, ভোলার তজুমুদ্দিন উপজেলার উত্তর তজুমুদ্দিন থেকে সৈয়দ আউলিয়া পয়েন্ট, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি পয়েন্ট, কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গন্ডারামসারা পয়েন্ট—এই সাত হাজার বর্গকিলোমিটার এলাকাসহ সারা দেশে ইলিশ মাছ ধরা ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে ইলিশসম্পদ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে গতকাল রোববার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত পটুয়াখালী মৎস্য বিভাগের সভায় জেলা প্রশাসক এ কে এম শামিমূল হক ছিদ্দিকী, জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় স্থল ও নদীপথে মাইকিং, জেলে-আড়তদার ও পরিবহনকারীদের নিয়ে সচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ, নদনদীতে অভিযান পরিচালনা, সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ এলাকায় নৌবাহিনীর টহল বৃদ্ধি করা, নিষিদ্ধ সময়ে বরফ কল বন্ধ রাখাসহ বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পটুয়াখালীর জেলা মৎস্য জরিপ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর মিয়া প্রথম আলোকে জানান, এবার সচেতনতা সৃষ্টির জন্য তাঁরা জেলেদের মধ্যে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। ইলিশ আহরণ বন্ধ রাখার সময়ে নির্দিষ্ট পয়েন্টে মৎস্য বিভাগ থেকে নজরদারিসহ ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা থাকবে। তিনি আশা করেন, এ বছর নির্দিষ্ট সময়ে ইলিশ ধরা বন্ধ রাখা যাবে।
ইলিশসম্পদ রক্ষায় মৎস্য বিভাগের উদ্যোগ জেলেদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কারণ হিসেবে কুয়াকাটা সাগরে খুঁটা জাল ফেলে ইলিশশিকারি জেলে রফিক গাজী (৩৫) বলেন, মৎস্য বিভাগের এই উদ্যোগের ফলে এ বছর তাঁদের জালে প্রচুর ইলিশ ধরা পড়েছে। তাই এ বছর তাঁরা ২২ দিন মাছ শিকার না করার প্রস্তুতিও নিয়েছেন।
দশমিনা উপজেলার সৈয়দ জাফর গ্রামের ইলিশশিকারি জাফর দুয়ারী (৪০), খলিল রাঢ়ী (৩৫) ও আবুল শিকদার (৫০) জানান, মাছ শিকারের ওপর তাঁদের জীবন-জীবিকা নির্ভর করে। ২২ দিন মাছ ধরতে না পারায় তাঁদের একটু কষ্ট হবে। ভবিষ্যতে প্রচুর ইলিশ পাওয়ার আশায় তাঁরা আরও কষ্ট করতে প্রস্তুত। তবে এই সময়ে বিকল্প ব্যবস্থা করতে পারলে খুব ভালো হতো।
দশমিনা মৎস্যজীবী সমিতির সভাপতি শিকদার নজরুল ইসলাম জানান, আগে থেকে যে হারে ডিমওয়ালা ইলিশ মারা পড়েছে, তাতে বন্ধ রাখার নির্দিষ্ট সময়ের কয়েক দিন আগে ইলিশ শিকার বন্ধ রাখতে পারলে আরও ভালো হতো। জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিম ছাড়ার সময় যতই ঘনিয়ে আসছে, সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ মোহনার দিকে উঠে আসছে।
পটুয়াখালীর প্রধান ইলিশ অবতরণ কেন্দ্র মহিপুর বন্দরের মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দাস জানান, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যে ২২ দিন ইলিশ শিকার বন্ধ রাখার সরকারি ঘোষণায় ব্যাপক সাড়া দিয়েছেন জেলেরা। তবে এই সময়ের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার দাবি জানিয়েছেন তাঁরা।
জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মা ইলিশ রক্ষায় নির্দিষ্ট সময়ে ইলিশশিকারের ওপর নিষেধাজ্ঞার কারণে পটুয়াখালীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে জেলায় ইলিশের উৎপাদন ছিল ১৫ হাজার ৪১৯ মেট্রিক টন। ২০১৪-১৫ অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে উৎপাদন হয়েছে ২৮ হাজার ২৭৭ মেট্রিক টন। ২০১৫-১৬ অর্থবছরে তা আরও বৃদ্ধি পেয়ে ইলিশ উৎপাদন হয়েছে ৩২ হাজার ৭৫০ মেট্রিক টন। তবে এ বছর ইলিশের উৎপাদন কমপক্ষে পাঁচ গুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন তিনি।