প্রচারণায় ডজন খানেক প্রবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা দু-তিন মাস ধরে সভা-সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। টাঙিয়েছেন পোস্টার, ব্যানার ও ফেস্টুন। এ প্রচারণায় এগিয়ে আছেন প্রবাসী প্রার্থীরা। তাঁরা সংখ্যায় কম করে হলেও ১২ জন।

সরেজমিনে দেখা গেছে, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের জনগুরুত্বপূর্ণ সব এলাকা পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে। এতে নিজেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের প্রার্থী হিসেবে প্রচার করেন অনেকে।

বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘এত পোস্টার-ফেস্টুন দেখা যায় কিন্তু সবাইকে তো চিনি না।’

আওয়ামী লীগদলীয় সূত্র জানায়, এখানে দলটি থেকে বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রার্থিতা অনেকটা নিশ্চিত। তবুও এ আসন থেকে এবার মনোনয়ন দাবি করতে পারেন কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আহমদ।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেবেন আগামী নির্বাচনে কে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তবে সিলেট-৬ আসনে বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবারও মনোনয়ন পাবেন এটা প্রায় নিশ্চিত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব মনিয়া বলেন, শিক্ষামন্ত্রী বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের যে উন্নয়ন করেছেন তাতে তাঁকে ছাড়া আর কাউকে প্রার্থী হিসেবে ভাবা যায় না।

প্রধান বিরোধী দল বিএনপি এ আসনে কাকে মনোনয়ন দেবে তা বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে, সাবেক বিদ্রোহী প্রার্থী মকবুল হোসেন ও  বেসরকারীকরণ কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী—এ দুজনের যে কেউ মনোনয়ন পেতে পারেন।

আবার জোটের শরিক জামায়াতে ইসলামীকে এ আসন ছেড়ে দিতে পারে বিএনপি। বিএনপি থেকেও যুক্তরাজ্যপ্রবাসী দুজন কয়েক মাস ধরে প্রচার চালাচ্ছেন। এঁরা হলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি রশিদ আহমদ চৌধুরী ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরী।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজমূল হোসেন বলেন, বিএনপির প্রার্থী কে হবেন, তা দলের চেয়ারপারসনই ঠিক করবেন।

মহাজোটের শরিক জাতীয় পার্টি (জাপা) কয়েক মাস আগেই এ আসনে প্রার্থী ঘোষণা করেছে। উপজেলা জাপার সাধারণ সম্পাদক আবদুল খালিক জানান, জাতীয় পার্টির একমাত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন। তিনিও যুক্তরাজ্যপ্রবাসী।

এ ছাড়া এলডিপি থেকে এবার এ আসনে নির্বাচন করতে যাচ্ছেন যুক্তরাজ্য এলডিপির প্রতিষ্ঠাতা সভাপতি মনজ্জির আলী।

বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা বেলায়েত হোসেন বলেন, ‘প্রবাসীরা যেভাবে প্রচারণা চালাচ্ছেন, শেষ পর্যন্ত তাঁরা মনোনয়ন পেলে এ আসনে এবার ডলার-পাউন্ডের ছড়াছড়ি চলবে।’