প্রচারণায় নিঃসঙ্গ বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর নির্বাচনে দলের প্রতীক নিয়ে নামলেও প্রচারণায় নিজ নিজ দলের জ্যেষ্ঠ নেতাদের পাশে পাচ্ছেন না আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী। যাঁরা দলীয় প্রতীক পেয়েছেন, তাঁরা কেউ স্থানীয় কমিটির দ্বারা সমর্থিত ছিলেন না। কেন্দ্র থেকে তাঁদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন এ এফ এম আজিজুল ইসলাম। আর আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মো. রফিক উদ্দিন ভূঁইয়া।
খোঁজ নিয়ে জানা যায়, নৌকার প্রার্থীর প্রচারণায় আওয়ামী লীগের স্থানীয় কমিটির কোনো জ্যেষ্ঠ নেতা মাঠে নামেননি। মুঠোফোনে জানতে চাইলে এ বিষয়ে রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, স্থানীয় কমিটির কেউ তাঁর সঙ্গে আগেও ছিল না এখনো নেই। তাঁকে সহায়তা করছেন সাংসদ আনোয়ারুল আবেদিন খান ও তাঁর (সাংসদ) সমর্থকেরা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া জানান, তাঁরা দলের মনোনীত প্রার্থীর পক্ষে মাঠপর্যায়ে কাজ করছেন।
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, এখানে দলটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক সাংসদ মেজর জেনারেল (অব) আবদুস সালাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া। কিন্তু ঘটনাচক্রে ৫ জানুয়ারির নির্বাচনে সাংসদ হন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আবেদিন খান। এ বিষয়টি মেনে নিতে পারেননি দলের নেতারা। এ ছাড়া গত বছরের ২০ নভেম্বর সিরাজুল ইসলাম ভূঁইয়ার বড় ভাই শ্রমিকনেতা আবুল মনসুর ভূঁইয়া হত্যাকাণ্ড, গত ২১ নভেম্বর আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ার চেষ্টা ইত্যাদি ঘটনা নিয়ে সাংসদের প্রতি স্থানীয় কমিটির দূরত্ব আরও বৃদ্ধি পায়। এ কারণে সাংসদ ও স্থানীয় কমিটি মেয়র হিসেবে পৃথক দুজনের নাম সুপারিশ করে। কিন্তু নৌকা প্রতীক পান রফিক উদ্দিন ভূঁইয়া। এ কারণে স্থানীয় কমিটি ও নৌকার প্রার্থীর মধ্যে দূরত্ব প্রকাশ্য রূপ নেয়।
বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র এ এফ এম আজিজুল ইসলাম নান্দাইল পৌর বিএনপির (একাংশ) জ্যেষ্ঠ সভাপতি। নিজের জনপ্রিয়তা ও দলীয় সমর্থনে ২০১১ সালে মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। বিগত সময়ে তিনি পৌর এলাকায় বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড করে বাসিন্দাদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন। এ ছাড়া বিএনপির আন্দোলনের মাঠেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে নান্দাইলে বিএনপির আরও একটি পক্ষ সক্রিয় রয়েছে। ওই পক্ষটি মেয়র পদের প্রার্থী হিসেবে তাদের পক্ষের নেতা এম আলমগীর সরকারের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠায়। কিন্তু দল মনোনয়ন দেয় এ এফ এম আজিজুল ইসলামকে।
আজিজুল বলেন, বিএনপির পদবঞ্চিত কিছু একনিষ্ঠ নেতা-কর্মীকে নিয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন। যাঁরা পরিবারের সদস্য দিয়ে বিএনপি পরিচালনা করতে চান, তাঁরা না থাকলেও কিছু যায়-আসে না। এ ছাড়া ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় ও জেলা শ্রমিক দলের নেতারা নান্দাইলে এসে তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছেন। এদিক দিয়ে তিনি একেবারে নিঃসঙ্গ নন।