চুয়াডাঙ্গা পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে প্রচারণায় নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা।জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। পৌর এলাকায় সরেজমিনে দেখা গেছে, পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের প্রচারপত্র বিলি করছেন। কেউ কেউ রোজায় ইফতার ও সেহিরর সময়সূচি ও ঈদকার্ড বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন। প্রায় সব কটি ওয়ার্ডের সম্ভাব্য নারী ও পুরুষ কাউন্সিলর প্রার্থীদের নানা প্রতিশ্রুতিসংবলিত পোস্টার দেয়াল ও বৈদ্যুতিক খুঁটির গায়ে সাঁটানো হয়েছে। ২০০৮ সালের ৪ আগস্ট এই পৌরসভায় সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়র পদে বর্তমানে সম্ভাব্য আটজন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। তাঁরা হলেন বর্তমান মেয়র আওয়ামী লীগ-সমর্থিত রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর একরামুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সম্পাদক খোন্দকার আবদুল জব্বার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুল হক মালিক, জাতীয় পার্টির পৌর কমিটির আহ্বায়ক দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার ও স্বতন্ত্র সৈয়দ ফারুক উদ্দিন আহমেদ।