চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের চেয়ে সংরক্ষিত নারী আসনের ৫৯ জন নির্বাচনী প্রচারণায় বেশি ব্যস্ত। নির্বাচনী এলাকা বড় হওয়ায় তাঁরা সাধারণ প্রার্থীদের তুলনায় গণসংযোগে পিছিয়ে পড়ছেন। সাধারণ কাউন্সিলর প্রার্থীরা যেখানে ভোট চাইতে একেকটি বাড়িতে চার-পাঁচবার করে গেছেন, সেখানে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা একবারও যেতে পারছেন না। কারণ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী এলাকা তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, করপোরেশনে নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদ ১৪টি। প্রতি তিনটি সাধারণ ওয়ার্ড নিয়ে (একটি শুধু দুটি ওয়ার্ড নিয়ে) একেকটি সংরক্ষিত নারী কাউন্সিলরদের নির্বাচনী এলাকা নির্ধারণ করা হয়েছে। এসব ওয়ার্ডে ভোটার সংখ্যাও বেশি। তাই প্রচারণায় তাঁরা সাধারণ প্রার্থীদের তুলনায় পিছিয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে গত শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সঙ্গে মতবিনিময় সভায় সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা প্রচারণার সময় বেলা দুইটার পরিবর্তে সকাল ১০টা থেকে করার আবেদন জানান। সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, ‘নারী প্রার্থীরা এলাকার পরিধির কথা বিবেচনা করে সময়টা একটু এগিয়ে আনার অনুরোধ করেছিলেন। কিন্তু এটা সম্ভব নয়। তাই প্রধান নির্বাচন কমিশনার নাকচ করে দেন।’নারী কাউন্সিলর প্রার্থী সাহেলা আবেদীন বলেন, ‘সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের শুধু একটি ওয়ার্ডে কাজ করতে হচ্ছে। কিন্তু একই সময় আমাদের তিনটি ওয়ার্ডে প্রচারণা চালাতে হচ্ছে। এটা কষ্টকর। তাই আমরা সিইসিকে প্রচারণার সময়টা সকাল ১০টা থেকে করার অনুরোধ করেছিলাম। কিন্তু সেটা হয়নি। তাই এখন পরিশ্রমটা একটু বেশি হচ্ছে।’ ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নীলু নাগ গতকাল দক্ষিণ ও উত্তর নালাপাড়া এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, ‘আমার ওয়ার্ডে তুলনামূলক ভোটার কম। তাই আমি প্রচারণা অনেকখানি এগিয়ে নিয়েছি। তবে আমাদের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন সাধারণ ওয়ার্ডের প্রার্থীরা।’ একই সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর রেখা আলম চৌধুরী। তিনি বলেন, সময় কম কিন্তু ভোটার তুলনামূলক বেশি হওয়ায় কিছুটা বাড়তি সময় দিতে হচ্ছে। তবে বেকায়দায় আছেন ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী রেহেনা বেগম ও খালেদা বোরহানের মতো প্রার্থীরা। তাঁদের সংরক্ষিত ওয়ার্ডে ভোটার এক লাখের বেশি। রেহেনা বলেন, ‘প্রতিদিন সকাল থেকে গণসংযোগে থাকি। বিশাল এলাকায় প্রচারণা চালাতে হচ্ছে। সাধারণ ওয়ার্ডের পুরুষ প্রার্থীরা যেখানে এক এলাকায় বারবার চষে বেড়াচ্ছেন, সেখানে আমরা এক বা দুইবারের বেশি পারব না।’