প্রচারণায় বাধা ও কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আজিজকে প্রচারণায় বাধাদান ও তাঁর কর্মী-সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার আবদুল আজিজ তাঁর গুরুদাসপুরের বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।লিখিত অভিযোগে আবদুল আজিজ দাবি করেন, ২৯ জুন অনুষ্ঠেয় নির্বাচন ঘিরে আওয়ামী লীগ-সমর্থক দুই চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান ও আবদুল মতিন তাঁকে বিভিন্ন এলাকায় প্রচারকাজে যেতে দিচ্ছেন না। পাশাপাশি তাঁর প্রচার মাইক ভাঙচুর এবং পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুন সাঁটানো বন্ধ করে দিয়েছেন। গত ১০ দিনে তাঁর ১৪ জন সমর্থককে মারধরসহ তাঁদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এসব বিষয়ে থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আজিজ ছাড়াও সংরক্ষিত আসনের বিলকিস বেগম, সদস্য প্রার্থী আমির হামজা, মাহিন কাওছার ও আক্কাছ আলী উপস্থিত ছিলেন। চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান ও আবদুল মতিন জানান, তিনি পরাজয় নিশ্চিত জেনে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। কাউকে ভয়ভীতি প্রদর্শন কিংবা মারধর করা হয়নি।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আবদুল আজিজের অভিযোগ সত্য নয়, পুলিশের নজরদারি রাখা হয়েছে।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম আজম বলেন, এখন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মতো কোনো ঘটনা ধারাবারিষায় ঘটেনি।