প্রচারণায় বাধা, ছাত্রদল নেতাকে অপহরণের হুমকি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পিঞ্জু ফরাজী নামের ছাত্রদলের এক নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার কালীরহাট বাজারে এ ঘটনা ঘটে।
পিঞ্জু ফরাজী বলেন, তিনি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের পক্ষে কাজ করছেন। সোমবার রাত ১১টার দিকে কালীরহাট বাজারের একটি দোকানে পিঞ্জু বসে ছিলেন। এ সময় ৮-১০টি মোটরসাইকেলে ১৫ থেকে ২০ জন যুবক সেখানে যান। তাঁরা পিঞ্জুকে ডেকে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করতে বলেন এবং মারধর করে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের অনুরোধে তাঁকে ছেড়ে দেয়।
পিঞ্জু ফরাজী বলেন, ‘আমার মাথায় পিস্তল ঠেকিয়ে অপরিচিত কয়েকজন যুবক বলে বাড়িতে গিয়ে আশরাফ আশরাফ (আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী) করবি। আমাদের কথা অনুযায়ী কাজ না করলে তোকে তুলে নিয়ে যাব। এ সময় আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ও জুয়েল নামের দুজনকে চিনতে পেরেছি।’ নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ভাই এসবের কিছু জানি না।’ রুহুল আমিন বলেন, ‘আমার কর্মী-সমর্থকদের প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না। বহিরাগত সন্ত্রাসীরা রাতে বাড়ি বাড়ি গিয়ে আমার সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে।’ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আশরাফুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ও আমার কোনো কর্মী এ ধরনের ঘটনায় জড়িত নই।’