প্রচারণায় বাধা, সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মীদের প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এই অবস্থায় সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, উজানচর ও ছোটভাকলা ইউপিতে ২৩ এপ্রিল নির্বাচন হচ্ছে। উজানচরে বিএনপির কোনো প্রার্থী নেই। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি গোলজার হোসেন মৃধা, স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রমৈত্রী নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন ফকির এবং সাবেক ইউপি সদস্য আজাহার ব্যাপারী লড়ছেন।
ছোটভাকলায় প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ থেকে বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মিয়া লড়ছেন।
ছোটভাকলায় বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী মিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থী আমজাদ হোসেন ও তাঁর লোকজন তাঁর কর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছেন।
আমজাদ হোসেন উল্টো অভিযোগ করে বলেন, মোহাম্মদ আলী পৌরসভার লোকজন ভাড়া করে প্রচারণা চালাচ্ছেন।
উজানচরের স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন বলেন, নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ প্রার্থী গোলজার হোসেনের লোকজন তাঁর কর্মীদের মাঠে থাকলে হাত-পা কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে গোলজার হোসেন বলেন, ‘নৌকার জোয়ার দেখে আবুল হোসেন মিথ্যা অভিযোগ করেছেন। কোথাও আমার লোকজন তাদের কোনো কর্মীকে মারধর বা হুমকিও দেয়নি।’