প্রচারণায় বিএনপি পুরোদমে, আ. লীগ ঢিমেতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী রফিকুল আলম প্রচারণা শুরু করেছেন জোরেশোরে। তবে আওয়ামী লীগ মোহাম্মদ জোবায়েরের প্রচারণা চলছে কিছুটা ঢিমেতালে।

পৌর এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার থেকে বিএনপির প্রার্থীকে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করতে দেখা গেছে। এ সময় তাঁর সঙ্গে দল ও অঙ্গ সংগঠনের নেতারাও ছিলেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থীকে সদরের কয়েকটি এলাকায় শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেলেও তাঁর সঙ্গে স্থানীয় কোনো পরিচিত নেতাকে দেখা যায়নি।

বিএনপির প্রার্থী রফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘মনোনয়নপত্র বাছাইয়ের পর থেকেই এলাকার লোকজনের সঙ্গে কুশল বিনিময় করে আসছি। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে গণসংযোগ শুরু করেছি। সারা দিন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড চরপাড়ার বিভিন্ন লোকালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে দোয়া ও ভোট প্রার্থনা করেছি।’

আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জোবায়ের প্রথম আলোকে বলেন, ‘এলাকার লোকজন ও ভোটারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। ইতিমধ্যে কয়েকটি ওয়ার্ডে উঠোন বৈঠক করে ভোটারদের কাছে দোয়া চেয়েছি। তবে আগামী কাল শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।’

এ দিকে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোহাম্মদ ইউসুফ চৌধুরীও নিজ ওয়ার্ডের কয়েকটি গ্রামে শুভেচ্ছা বিনিময় করছেন। তাঁর ভাষ্য, ‘জোরেশোরে প্রচারণা করার আরও সময় আছে। আগামী দুই-এক দিন পর পুরোদমে প্রচারণা শুরু করব।’