অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়ী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী মনিটরিং সেলের আহ্বায়ক মীর মো. নাছির উদ্দিন। গতকাল রোববার সাতকানিয়া ও চন্দনাইশ পৌরসভার ২০-দলীয় জোট মনোনীত দুই প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন। রাউজানে বিএনপির মেয়র পদপ্রার্থীর পক্ষে মতবিনিময় সভা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার।
সাতকানিয়া পৌরসভার আশেকেরপাড়া, গোয়াজরপাড়া, কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় দলের মেয়র পদপ্রার্থী রফিকুল আলমকে নিয়ে প্রচারণা চালান মীর নাছির। প্রচারণার শুরুতে আশেকেরপাড়া মসজিদ সড়কে সংক্ষিপ্ত পথসভায় মীর নাছির বলেন, খুন, গুম ও অত্যাচারের কারণে দেশে এখন গণতন্ত্র নেই। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ এসেছে। এ সুযোগ দেশবাসীকে কাজে লাগাতে হবে।
প্রচারণা চালানোর সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, সাতকানিয়া উপজেলা সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে ২০-দলীয় জোটের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আইয়ুবকে সঙ্গে নিয়ে গতকাল দুপুরে প্রচারণা চালান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিন। মোহাম্মদ আইয়ুব এলডিপির নেতা। এখানে বিএনপি এলডিপিকে সমর্থন দিয়েছে।
উপজেলা ভূমি অফিস চত্বরে পথসভায় মীর নাছির বলেন, ২০-দলীয় জোটের প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে তাঁদের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত। তিনি চন্দনাইশ পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আইয়ুবকে ভোট দেওয়ার আহ্বান জানান।
রাউজানে গোলাম আকবর: চট্টগ্রামের রাউজানে বিএনপির মেয়র পদপ্রার্থীকে গণসংযোগ ও প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার। গতকাল বিকেলে রাউজানের গহিরায় এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাউজানে পৌর বিএনপির সভাপতি সেকান্দর চৌধুরী। মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মেয়র পদপ্রার্থী কাজী আবদুল্লাহ আল হাছান বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
সভায় গোলাম আকবর বলেন, ‘আমাদের প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত শনিবার প্রচারণা চালানোর সময় তাঁকে নাজেহাল করা হয়। এভাবে বাধা ও ভয়ভীতি দেখানো হলে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
গোলাম আকবর নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, শুধু প্রার্থী নয়, ভোটারদেরও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। যারা হুমকি দিচ্ছে, তাদের আইনের আওতায় আনতে হবে। সবাইকে সমান সুযোগ দিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করতে হবে।
উপস্থিত নেতা-কর্মীদের গোলাম আকবর বলেন, ভয়ভীতির ঊর্ধ্বে উঠে ভোটকেন্দ্রে যেতে হবে। সবাই দলবেঁধে কেন্দ্রে গেলে ধানের শীষের প্রতীকের প্রার্থীর জয় কেউ ঠেকাতে পারবে না।