প্রচারণায় বিএনপির পাশে নেই জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় বিএনপির পাশে নেই জোটের শরিক জামায়াতে ইসলামী। দুটি পৌরসভায় জামায়াতকে ছাড়াই বিএনপির মেয়র পদপ্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া জেলার বসুরহাট পৌরসভায় জামায়াতের উপজেলা সেক্রেটারি মো. মোশারফ হোসাইন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আর চাটখিল পৌরসভায় জামায়াত স্বতন্ত্র প্রার্থী দিলেও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিএনপির প্রার্থীর সঙ্গে তিনিও প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার চার পৌরসভার কোনটিতেই বিএনপির প্রার্থীদের সঙ্গে নেই ২০-দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী। চাটখিলে বিএনপি-সমর্থিত কাউন্সিলরদের পক্ষেও মাঠে নামেনি জামায়াত। বসুরহাটে দলীয় মেয়র প্রার্থী ও দুই কাউন্সিলর প্রার্থী নিয়েই পৃথকভাবে প্রচারণা চালাচ্ছে জামায়াত।
চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় জামায়াতের প্রার্থী না থাকলেও বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নামেননি দলের নেতা-কর্মীরা। বিএনপির নেতারা বলছেন, নির্বাচনী প্রচারে জামায়াত পাশে না থাকলেও দলটির নেতা-কর্মীরা শেষ পর্যন্ত বিএনপির প্রার্থীকেই ভোট দেবেন।
চৌমুহনী পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, নির্বাচনী প্রচারে স্থানীয় জামায়াত কিংবা শিবিরের নেতা-কর্মীরা এখন পর্যন্ত তাঁদের সঙ্গে নেই। তাঁরাও এ বিষয়ে জামায়াতের সঙ্গে যোগাযোগ করেননি। তবে শিগগিরই বিষয়টি নিয়ে জামায়াত নেতাদের সঙ্গে যোগাযোগ করা হবে। কারণ, প্রচারণায় অংশ না নিলেও জামায়াতের নিজস্ব যে ভোট ব্যাংক আছে, সে জন্যও নির্বাচনে তাঁদের সহযোগিতা প্রয়োজন।
অন্যদিকে হাতিয়া পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আবদুর রহিম বলেন, জামায়াতের নেতা-কর্মীরা সাংগঠনিকভাবে এখনো তাঁর পক্ষে নির্বাচনী প্রচারে নামেননি। তবে কিছু কিছু নেতা-কর্মী ব্যক্তিগত সম্পর্কের কারণে তাঁর হয়ে কাজ করছেন। দলীয় সিদ্ধান্ত পাওয়া গেলে তাঁদের কাছ থেকে আরও বেশি সহযোগিতা পাওয়া যাবে।
জানতে চাইলে নোয়াখালী জেলা জামায়াতের আমির মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নামার বিষয়ে এখনো দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি। বিএনপি নেতারাও এ বিষয়ে এখন পর্যন্ত যোগাযোগ করেননি। তবে প্রচারণায় মাঠে না থাকলেও শেষ পর্যন্ত বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার একটা সিদ্ধান্ত হতে পারে বলে আভাস দেন জেলা জামায়াতের এই নেতা।
এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাটখিল উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, পৌর নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালানোর বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জামায়াতের সঙ্গে যোগাযোগ করছেন। আশা করা যায়, দুই-এক দিনের মধ্যেই এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।