প্রচারণায় বিঘ্ন সৃষ্টির অভিযোগ আফরোজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুষ্কৃতকারীরা প্রচারণায় বিভিন্নভাবে বিঘ্ন সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
গতকাল রোববার স্বামীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর সিদ্ধেশ্বরীর পোস্ট অফিস গলির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, গত শনিবারও রমনা এলাকায় তাঁদের দুজন কর্মীকে হয়রানি করা হয়েছে।
আফরোজা আব্বাস সকালে মালিবাগ মোড়, মৌচাক, সিদ্ধেশ্বরী, ভিকারুননিসা নূন স্কুল, বেইলি রোড, সার্কিট হাউস রোড হয়ে শান্তিনগর এবং বিকেলে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। মামলার কারণে মির্জা আব্বাস আত্মগোপনে আছেন। তাঁর হয়ে প্রচারণা চালাচ্ছেন তাঁর স্ত্রী ও বিএনপির নেতা-কর্মীরা।
ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন গতকাল মতিঝিল অফিসপাড়াসহ ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন। জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন লালবাগের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
আফরোজা আব্বাস বলেন, মির্জা আব্বাস এই ঢাকারই সন্তান। তাঁর একটাই স্বপ্ন, ঢাকাকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলা। আর এ স্বপ্ন বাস্তবায়নে যানজট নিরসন, পানিনিষ্কাশন, রাস্তাঘাট উন্নয়নসহ নাগরিক সমস্যা সমাধানে বেশি গুরুত্ব দেওয়া হবে।
পরে বেইলি রোডেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছি, জনগণের
ব্যাপক সাড়া পাচ্ছি। আমি মির্জা আব্বাসের বিজয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। আমাদের নেতা-কর্মীরা বেশির ভাগই কারাবন্দী অথবা মামলায় এলাকাছাড়া হয়ে আছেন। যাঁরা সুযোগ পাচ্ছেন, তাঁরা অত্যন্ত আন্তরিকভাবে আমাদের সঙ্গে নির্বাচনী ক্যাম্পেইন করছেন।’
গতকাল প্রচারণার সময় আফরোজা আব্বাসের সঙ্গে ছিলেন ১৯ নম্বর (সাবেক ৫৩) ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাবেক সাংসদ বিলকিস ইসলাম, তাঁতী দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তোফাজ্জল হোসেন, সদস্যসচিব সোহরাব হোসেনসহ অনেকে। মহিলা দলের বেশ কয়েকজন নেতা-কর্মী জনসংযোগে সহায়তা করেন। জনসংযোগের সমন্বয়কারী ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াহিদ বিন ইমতিয়াজ।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাঈদ খোকন বেলা ১১টার দিকে কাকরাইলে নির্বাচনী ইশতেহার ঘোষণা শেষে মতিঝিল অফিসপাড়াসহ ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন। পরে বিকেলে ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে ঢাকা-১০ সংসদীয় আসনের কর্মী সমাবেশে যান। আজ সোমবার তিনি সূত্রাপুর থানা এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন। দুপুর ১২টায় তিনি এফবিসিসিআই মিলনায়তনে এফবিসিসিআইয়ের নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।