প্রচারণায় ব্যস্ত আকরাম ও সেলিম ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের আগে সর্বশেষ ছুটির দিনে গতকাল শুক্রবার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম আকরাম (আনারস) ও সেলিম ওসমান (লাঙল) জমজমাট প্রচারণা চালিয়েছেন৷ স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম বন্দরের নবীগঞ্জ, শহরের শীতলক্ষ্যা, তামাকপট্টি, নলুয়া, নিতাইগঞ্জ এলাকায় গণসংযোগ করেন। জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সেলিম ওসমান আলীরটেক, বন্দরের কুঁড়িপাড়া ও কলাগাছিয়া ইউনিয়নে গণসংযোগ চালান৷
সাবেক সাংসদ এস এম আকরাম নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে প্রতিদিন সকাল-বিকেল হেঁটে ও রিকশায় চড়ে গণসংযোগ করছেন৷ বিভিন্ন মহল্লা, বাণিজ্যিক এলাকা, ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন৷ আকরামের সঙ্গে নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতা, নাগরিক-সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের কর্মী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকেরা অংশ নিচ্ছেন৷ সচেতন নাগরিক, সুশীল সমাজের বৃহত্তম অংশ আকরামের পক্ষে প্রচারণা চালাচ্ছে৷ তবে প্রধান প্রতিদ্বন্দ্বী সেলিম ওসমানের তুলনায় আকরামের পোস্টার অনেক কম দেখা যাচ্ছে৷
গণসংযোগে এস এম আকরাম মেধাবী ছাত্র ত্বকীকে হত্যা, চাঞ্চল্যকর সাত খুনসহ নারায়ণগঞ্জে বিভিন্ন সময়ে সংঘটিত অন্যান্য হত্যা, গুম, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার মতো নানা অপরাধের বিরুদ্ধে কথা বলছেন৷ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত এই আসনের সাংসদ থাকাকালে নিজের কর্মকাণ্ডের মূল্যায়ন করার জন্য তিনি ভোটারদের প্রতি অনুরোধ জানাচ্ছেন৷
অন্যদিকে জাপার প্রার্থী নারায়ণগঞ্জ চেম্বার ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান সম্প্রতি জাতীয় সংসদে তাঁর বড় ভাই প্রয়াত সাংসদ নাসিম ওসমানের শোক প্রস্তাবে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য উল্লেখ করে ভোট চাইছেন৷ সেলিম ওসমান জাপার প্রার্থী হলেও তাঁর নির্বাচনী প্রচারণায় এরশাদ ও জাপার কোনো নাম-নিশানা নেই। পুরো নির্বাচনী এলাকার প্রধান সড়কগুলো সেলিম ওসমানের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে৷ কেব্ল লাইনের একটি চ্যানেলে ২৪ ঘণ্টা সেলিম ওসমানের নির্বাচনী কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ সম্প্রচার করা হচ্ছে। নাসিম ওসমানের স্মরণসভার ব্যানারে আয়োজিত শোকসভার নামে মঞ্চ বানিয়ে, প্যােন্ডল বানিয়ে লোক জড়ো করে ভোট চাইছেন সেলিম ওসমান৷
২০১১ সালে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে যাঁরা শামীম ওসমানের পক্ষে প্রচারণা চালাতেন, এবারও তাঁরাই সেলিম ওসমানের পক্ষে ভোট চাইছেন। তবে ওসমান পরিবারের দুই আলোচিত সন্তান নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান ও শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানকে এখনো নির্বাচনী প্রচারণায় দেখা যায়নি৷
এস এম আকরাম প্রথম আলোকে বলেন, ত্বকী হত্যা ও আলোচিত সাত খুনের পরে নারায়ণগঞ্জ আতঙ্কের নগরে পরিণত হয়েছে৷ তবে ২৬ জুনের উপনির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য হলে নারায়ণগঞ্জের ভাবমূর্তি সারা দেশে বাড়বে৷ তিনি আরও বলেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার, বৈধ অস্ত্রধারীদের মধ্যে যারা বিপজ্জনক, তাদের নিয়ন্ত্রণ করাসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। নারায়ণগঞ্জের গত তিন মাসের আইনশৃঙ্খলার রেকর্ড অনুযায়ী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা উচিত৷
সেলিম ওসমান বলেন, তিন পুরুষ ধরে তাঁরা নারায়ণগঞ্জের মানুষের সেবা করে যাচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে। নাগরিকদের দাবির মুখেই তিনি প্রার্থী হয়েছেন৷