সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র ১১ দিন বাকি। শামীম ওসমানের পক্ষে কেন্দ্রীয় নেতারা প্রতিদিনই এসে প্রচারণা চালাচ্ছেন। আর সেলিনা হায়াৎ আইভী জনতাকে নিয়েই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে তৈমুর আলম খন্দকারও ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। সাবেক পৌর মেয়র আইভী কাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগ, বাবুরাইল, ২ নম্বর বাবুরাইল এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর অবস্থানের কথা জানান। তাঁর সঙ্গে ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজামুদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম আরাফাত প্রমুখ।সাবেক সাংসদ শামীম ওসমান কাল শহরের কালীরবাজার, ফলপট্টি, চেম্বার রোড, নয়ামাটি, ডিআইটি, পুরান পালপাড়া, কেরোসিনঘাট, ডালপট্টি এলাকায় গণসংযোগ করেন। তিনি দুপুরে নারায়ণগঞ্জ কলেজে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন।আইভীর অভিযোগ: কাল রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া লিখিত অভিযোগে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেন, শহরের চাষাঢ়ার মূল রাস্তার মোড়ে, সিদ্ধিরগঞ্জ ১ ও ২ নম্বর এলাকায় তাঁর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এ ছাড়া ২৭ নম্বর ওয়ার্ডে তাঁর ফেস্টুন খুলে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিপক্ষ তাঁর নামে চাররঙা পোস্টার ছাপানোর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘একটি মহল যেকোনো মূল্যে আইভীকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। তারাই আইভীর পোস্টার ও ফেস্টুন ছিঁড়ছে। বিভিন্ন জায়গায় প্রচারণায় বাধাও দিচ্ছে।’এ ব্যাপারে শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান বলেন, ‘সারা রাত বৃষ্টি হয়েছে। সব পোস্টার বৃষ্টিতে নষ্ট হয়েছে। আমাদের পোস্টারও নষ্ট হয়ে গেছে। কই আমরা তো কারও বিরুদ্ধে অভিযোগ করিনি!’রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান বলেন, সেলিনা হায়াৎ আইভীর অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।ইভিএম প্রদর্শন অব্যাহত: কাল সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর, শহরের ১৭ নম্বর ও বন্দরের ২৩ নম্বর ওয়ার্ডে বিভিন্ন কেন্দ্রে ইভিএম প্রদর্শন করা হয়। এর মাধ্যমে কীভাবে ভোট দিতে হবে, তাও দেখানো হয়। তবে শহরের পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয় ও জয়গোবিন্দ স্কুলে ভোটারদের উপস্থিতি কম দেখা যায়।সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক। নির্বাচনের আগ পর্যন্ত কেন্দ্রগুলোতে ইভিএম প্রদর্শন অব্যাহত থাকবে। ২৫ অক্টোবর থেকে ভোট দেওয়ার মহড়া শুরু হবে।প্রধান নির্বাচন কমিশনার আসছেন: প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ২৩ অক্টোবর নারায়ণগঞ্জে আসছেন। তিনি প্রথমে জেলা প্রশাসন কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি জিয়া হলে প্রার্থী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন। একই সময়ে সুজন ১০টি ওয়ার্ডে প্রার্থীদের সঙ্গে সংলাপের আয়োজন করবে। তিনি কোনো একটি অনুষ্ঠান পরিদর্শন করবেন। শামীম ওসমানের পক্ষে কেন্দ্রীয় নেতারা: কাল চাষাঢ়ার হীরামহলে ঢাকা থেকে আসা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক এ বি এম আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাওসার মোল্লা, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।নেতারা বলেন, শামীম ওসমানই আওয়ামী লীগ-সমর্থিত একমাত্র প্রার্থী। তাঁকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।