প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা৷ হেঁটে হেঁটে তাঁরা বাড়ি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ছুটছেন৷ কেউ অভিভাবক সমাবেশ করছেন৷ তাঁদের পক্ষে কর্মী-সমর্থকেরা মাইকিং করে ভোট চাচ্ছেন৷
২৬ জুনের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ এস এম আকরামের মধ্যে মূল লড়াই হবে বলে মনে করেন ভোটাররা৷ এ ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ৷
এস এম আকরাম গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের থানা পুকুরপার, টানবাজার, নিতাইগঞ্জ, ডালপট্টি ও নয়ামাটি এলাকায় এবং বিকেলে বন্দর উপজেলার কান্দিপাড়া, কল্যাণদী, মাধবপাশা এলাকায় গণসংযোগ করেন৷ এ সময় তঁার পক্ষে কর্মী-সমর্থকেরা লিফলেট বিতরণ করেন৷
গণসংযোগকালে এস এম আকরাম বলেন, ‘আমি এর আগেও সংসদ সদস্য ছিলাম৷ কিন্তু কখনো সন্ত্রাসীদের প্রশ্রয় দিইনি৷ নারায়ণগঞ্জ এখন আতঙ্কের নগরে পরিণত হয়েছে৷ নারায়ণগঞ্জকে আতঙ্ক ও সন্ত্রাসমুক্ত করতে নির্বাচনী লড়াইয়ে নেমেছি৷ এ জন্য আপনাদের সমর্থন চাই৷’
অন্যদিকে সেলিম ওসমান শহরের কিল্লারপুল এলাকায় বিবি মরিয়ম স্কুলে অভিভাবক সমাবেশ করেন৷ প্রধান শিক্ষক শফিউল আযমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সেলিম ওসমান, প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান৷ সেলিম ওসমান পরে বন্দরে কদম রসুল এলাকায় গণসংযোগ করেন৷
পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময়: উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন৷ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি প্রার্থীদের সহযোগিতা চান৷ গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয়ে প্রার্থী, প্রার্থীদের প্রধান নির্বাচনী এজেন্ট ও প্রশাসনের বিভিন্ন শ্রেণির কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন৷
সভায় চার প্রার্থীর মধ্যে শুধু এস এম আকরাম অনুপস্থিত ছিলেন৷ তাঁর পক্ষে ছিলেন আইনজীবী মাহাবুবুর রহমান মাসুম ও আওলাদ হোসেন৷
মতবিনিময় শেষে সেলিম ওসমান সাংবাদিকদের বলেন, ‘সবার প্রতি আমার আহ্বান থাকবে আচরণবিধি মেনেই সবাই যেন নির্বাচনে অংশ নেন৷ আমার কর্মী-সমর্থকদের প্রতিও একই আহ্বান রইল৷’