প্রচারণায় ব্যস্ত সময় কাটছে দুই মেয়র প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেছেন, অবহেলিত খুলনাকে এগিয়ে নিতে তিনি নগরের সব ওয়ার্ডে সমানভাবে কাজ করেছেন। আবার নির্বাচিত হলে তিনি অসমাপ্ত কাজগুলো শেষ করবেন। খালেক গতকাল শুক্রবার নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন। এদিকে ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মনিরুজ্জামান বলেছেন, নির্বাচিত হলে তিনি দুর্নীতিমুক্ত নগর গড়তে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মিলেমিশে কাজ করলে নগরের উন্নয়ন সম্ভব। গতকাল সকালে নগরের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও নগরের নিউমার্কেট এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন মনিরুজ্জামান। জুমার নামাজের আগে খালেক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিমের সঙ্গে নগরের ফুলবাড়ী গেট, মানিকতলা ও দৌলতপুরে পৃথক পথসভায় অংশ নেন। বিকেলে তিনি নগরের ২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। পরে তিনি শেখ সেলিমের সঙ্গে নগরের ইউনাইটেড ক্লাবে গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।মনিরুজ্জামান বিকেলে সাতক্ষীরা ও নড়াইল জেলা কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সন্ধ্যায় তিনি নগরের রায়েরমহল এলাকায় গণসংযোগ করেন। এ ছাড়া মনিরুজ্জামানের পক্ষে খুলনা সদর আসনের সাংসদ ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম গতকাল নগরের শিপইয়ার্ড, দৌলতপুরের রেলগেট এবং নিরালা এলাকায় গণসংযোগ করেন।