প্রচারণায় মেয়র পদপ্রার্থীদের চেয়ে কাউন্সিলর প্রার্থীরা এগিয়ে
পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রংপুরের বদরগঞ্জ পৌরসভায় নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। তবে এখন পর্যন্ত প্রচারণার দিক থেকে মেয়র পদপ্রত্যাশীদের চেয়ে এগিয়ে আছেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীরা।
তবে এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন একাধিক কাউন্সিলর প্রার্থী।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর থেকে এখন পর্যন্ত ৪১ জন কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মেয়র পদে ফরম সংগ্রহ করেছেন চারজন।
এলাকাবাসী ও স্থানীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার আগে থেকেই পাড়া-মহল্লায় উঠান বৈঠকসহ ভোটারদের কাছে দোয়া চেয়ে বেড়াচ্ছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। কেউ কেউ উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি ওয়ার্ডকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করার অঙ্গীকার করছেন। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে তাঁদের নির্বাচনী প্রচারণা।
এদিকে মেয়র পদে দুজন মনোনয়নপ্রত্যাশীকে দু-তিন দিন ধরে মাঠঘাট চষে বেড়াতে দেখা যাচ্ছে। তাঁরা হলেন সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী ও স্বতন্ত্র প্রার্থী বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজিজুল হক। গতকাল সোমবার থেকে নির্বাচনী গণসংযোগে নেমেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র উত্তম কুমার সাহা।
মেয়র প্রার্থী আজিজুল হক ও পরিতোষ চক্রবর্তী বলেন, নির্বাচিত হলে পৌরসভাকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করাই হবে প্রধান কাজ।
বর্তমান মেয়র উত্তম কুমার সাহা বলেন, ‘পৌরসভাকে মাদকমুক্ত করার অনেক চেষ্টা করেছি। এবার নির্বাচিত হলে আরও জোরালোভাবে ও দ্রুত মাদকমুক্ত করার চেষ্টা করব।’
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন বলেন, ‘আমি দলীয় সমর্থন নিয়ে কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছি। নির্বাচিত হলে প্রথমে আমার ওয়ার্ডকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করব।’ কিন্তু মানুষের মধ্যে এবার ভোট নিয়ে তেমন আগ্রহ নেই বলে মনে হচ্ছে তাঁর। একই কথা বলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিয়াজুল হকও।
ওই ওয়ার্ডের ভোটার ইব্রাহিম হোসেন বলেন, ‘ভোট আইলে সবায় কয় মদ গাঁজা বন্ধ করমো। কিন্তু ভোটে নির্বাচিত হইলে যাঁরা উগ্লা (মদ-গাঁজা) বেচায় তামার সাথত তাঁরা (কাউন্সিলর) মিশি বেড়ায়।’