প্রচারণায় মেয়র প্রার্থীদের সঙ্গে আছেন তাঁদের স্ত্রীরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ পৌরসভায় গণসংযোগ করছেন মেয়র প্রার্থীরা। বসে নেই তাঁদের স্ত্রীরাও। দল বেঁধে বাড়ি বাড়ি গিয়ে স্বামীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাঁরা।
এই পৌরসভায় মেয়র পদে তিনটি বড় রাজনৈতিক দল মনোনীত যে তিনজন প্রার্থী এবার ভোটযুদ্ধে নেমেছেন, তাঁরা সবাই পৌরবাসীর কাছে অতি পরিচিত মুখ।
এই পরিচিত মুখেরা হচ্ছেন বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী রাজিউর রহমান। তাঁর আগে মেয়র ছিলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী কশিরুল আলম। এর আগে পৌরসভার চেয়ারম্যান ছিলেন জাতীয় পার্টির প্রার্থী গোলাম হোসেন।
এসব প্রার্থী পৌরসভার ৯ ওয়ার্ডের প্রতিটি গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করে কুশল বিনিময় করছেন। একই ভোটারের বাড়ি এরই মধ্যে একাধিকবার যাওয়া হয়ে গেছে তাঁদের।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কশিরুল আলম বলেন, এলাকা বড় হওয়ায় নির্বাচনী প্রচারণায় পরিশ্রম বেশি হচ্ছে। ভোটারদের বাড়িতে একাধিকবার যাওয়া লাগছে।
এদিকে ওই তিন মেয়র প্রার্থীর স্ত্রীরাও বসে নেই। তাঁরা নারী কর্মীবাহিনী নিয়ে দল বেঁধে ভোটারদের বাড়িতে যাচ্ছেন বলে জানান ভেটাররা। সেখানে নারী ভোটারদের কাছে তাঁদের স্বামীদের জন্য দোয়া ও ভোট চাইছেন। কথা বলছেন পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও।
৪ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার শামসুন নাহার বলেন, মেয়র প্রার্থীদের স্ত্রীরা ঘন ঘন তাঁদের বাড়িতে আসছেন। স্বামীদের জন্য তাঁরা দোয়া ও ভোট চাইছেন।