প্রচারণায় লোকমানের স্ত্রী দুই প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে জোর প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। প্রার্থী কামরুজ্জামানের পক্ষে প্রচারণায় নেমেছেন তাঁর ভাই নিহত মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত।এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল শনিবার এক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং দুই প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আওয়ামী লীগ-সমর্থিত পদপ্রার্থী কামরুজ্জামানের পক্ষে ভোট চাইতে তাঁর বড় ভাই লোকমানের স্ত্রী তামান্না গতকাল গণসংযোগ করেন। তিনি বিভিন্ন স্থানে পথসভা, উঠান সভায় অংশ নিয়ে লোকমান হত্যার বিচার ও মেয়রের অসমাপ্ত কাজ শেষ করার জন্য কামরুজ্জামানকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।সকালে শহরের চৌয়ালা এলাকায় এক উঠান সভায় তামান্না বলেন, ‘আমি মেয়র লোকমানের কাছে একসময় জানতে চেয়েছিলাম, তুমি জনগণের জন্য এত কাজ করো, এত পরিশ্রম করো, নিজের পরিবারে সময় দেও না, তোমার কাছে আমি কী পেলাম? উনি বলেছিলেন, জনগণ আর জনগণের ভালোবাসা। আমি যদি মরে যাই, জনগণ তোমাকে লোকমানের বউ হিসেবে মনে রাখবে। তোমাকে সম্মান দেবে।’তামান্না আরও বলেন, ‘আমার দুটি সন্তান বাবার আদর থেকে বঞ্চিত আজ। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। তার পরও লোকমানের অসমাপ্ত কাজ শেষ করতে কামরুজ্জামানকে ভোট দিতে আপনাদের কাছে অনুরোধ করছি।’লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মেয়র পদপ্রার্থী মোন্তাজ উদ্দিন ভূঁইয়া গতকাল সকালে নিজ এলাকা পশ্চিম দত্তপাড়া ও বিকেলে পশ্চিম কান্দাপাড়া, ভেলানগর ও বীরপুর এলাকায় প্রচারণা চালান। এ ছাড়া তাঁর পক্ষে প্রচারণায় অংশ নেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য আসাদুজ্জামান ও ফুটবল খেলোয়াড় সুভাষ সাহা।এদিকে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শহরের জজকোর্ট এলাকায় আঠাযুক্ত লিফলেট লাগানোর অভিযোগে মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলামকে গতকাল কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ রোববারের মধ্যে তাঁকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন করে রাঙ্গামাটি এলাকায় আঠা দিয়ে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে প্রার্থী কামরুজ্জামান ও মোন্তাজকে গতকাল বিকেলে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন।এক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ ও দুই প্রার্থীকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী নির্বাচন কমিশনারের কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা আবদুল অদুদ।