এক হাতে কাঁধের মই ধরে অন্য হাতে পোস্টার লাগানোর উপাত্ত নিয়ে পথ চলছে মুরাদ মিয়া (১০)। পাশে থাকা দুই ব্যক্তির হাতে কেবল পোস্টারের প্যাকেট। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচারকর্মী এ তিনজন। তাদের মধ্যে শিশু মুরাদের কাঁধে সবচেয়ে ভারী বোঝা কেন? জানতে চাইলে মুরাদের পাশের ফরিদ আলী বলেন, ‘ফুরুতা (শিশু) মানুষ। নিজ থাকিই শখের বোঝা বইরও!’এ দৃশ্য সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের। প্রার্থীদের নির্বাচনী প্রচারে এ রকম ‘শখের বোঝা’ শুধু একজন মুরাদের কাঁধেই নয়, সিলেট সদরসহ আশপাশের উপজেলাগুলোর ইউপি নির্বাচনের প্রচারকাজে ব্যাপকভাবে শিশুদের ব্যবহার করা হচ্ছে।কান্দিগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ সড়ক এলাকায় দেখা যায়, শিশু মুরাদের মতো অর্ধশতাধিক শিশু-কিশোর বড়দের সঙ্গে তালমিলিয়ে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচারে কাজ করছে। প্রার্থীদের নিয়োজিত প্রচারকর্মীদের মাধ্যমে সামান্য চা-বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন।জানতে চাইলে কাজের ফাঁকে মুরাদ মিয়া জানায়, সে স্কুলছাত্র। কিছু টাকা তাকে দিতে চাওয়ায় সে ওই কাজ করছে। পোস্টারে আঠা লাগানো এবং কাঁধে করে মই বয়ে যাওয়া তার কাজ। মুরাদের পারিশ্রমিক কত? জানতে চাইলে তার সঙ্গী দুই যুবককে একাধিকবার জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। একপর্যায়ে ফরিদ আলী জানান, মুরাদ তাঁর আত্মীয়। প্রার্থী তাঁদের গ্রামের আত্মীয় হওয়ায় তাঁরা স্বেচ্ছায় ওই কাজ করছেন।কান্দিগাঁওয়ের ঘাগড়া গ্রামের ইমদাদ হোসেন জানান, আগে দেখা যেত, চকলেট বা মিষ্টিমুখ করানোর কথা বলে এলাকায় শিশুদের দিয়ে প্রার্থীর পক্ষে মিছিল করতেন প্রার্থীর কর্মীরা। এবার নির্বাচনী আচরণবিধিতে মিছিল নিষিদ্ধ হওয়ায় তাদের দিয়ে পোস্টার লাগানোসহ অন্যান্য কাজও করানো হচ্ছে।সিলেট সদর ছাড়াও বিয়ানীবাজার ও গোয়াইনঘাট উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। তবে এ নিয়ে খোদ প্রার্থীরাও ক্ষোভ প্রকাশ করছেন। গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া হেলাল জানান, স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত।বিয়ানীবাজার উপজেলার মাথিউড়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান খান জানান, নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার করে টাকা-পয়সা দিয়ে অল্প বয়সেই তাদের নষ্ট করা হচ্ছে। এটা বন্ধ করা প্রয়োজন। একই উপজেলার তিলপাড়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মজির উদ্দিন আনছার জানান, আজকের শিশু আগামী দিনের স্বপ্ন। কিন্তু কোমলমতি এই শিশুদের শত ঝামেলার এই নির্বাচনী প্রচারকাজে ব্যবহার করে অল্প বয়সেই ভুল পথে পাঠানো হচ্ছে।নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক জানান, সরকার যখন শিশুশ্রম বন্ধে নানামুখী পদক্ষেপ নিচ্ছে, তখন অনেকটা প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার করা হচ্ছে। যেসব প্রার্থীর পক্ষে এমন চিত্র দেখা যাচ্ছে, তাঁদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া উচিত।জেলা নির্বাচন কর্মকর্তা মো. সামসুল আলম জানান, শিশুদের দিয়ে পোস্টার সাঁটানো কিংবা নির্বাচনী প্রচারণার কাজে তাদের ব্যবহার করা ঠিক নয়। যদিও নির্বাচনী আচরণবিধিতে এসব উল্লেখ নেই, তাই কোনো পদক্ষেপ নেওয়া যায় না। তবে শিশুদের নির্বাচনী কাজে ব্যবহার না করাটাই প্রার্থীদের নৈতিক দায়িত্ব।