প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ
ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান সর্দার তাঁর ব্যবহৃত সরকারি গাড়ি (ফরিদপুর ঘ-১১-০০৩৪) নির্বাচনী প্রচারণায় ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ উপজেলা পরিষদ নির্বাচনের আচরণিবধি অনুযায়ী, প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহার করা যাবে না৷
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার বলেন, মনিরুজ্জামান সর্দার জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য৷ গতকাল শুক্রবার সকালে তিনি উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারে গণসংযোগ করেন৷ তিনি সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন এবং নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান৷
মনিরুজ্জামান সর্দার বলেন, ‘আজই (শুক্রবার) শেষবারের মতো সরকারি গাড়ি ব্যবহার করেছি৷ আজ আপা (সংসদের উপনেতা সাজেদা চৌধুরী) এলাকায় এসেছেন৷ তাঁর জন্য কাজ করতে বিভিন্ন বাজারে যেতে হয়েছে৷’
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হুসাইন আকন্দ বলেন, সরকারি গাড়ি নিয়ে কোনোভাবেই নির্বাচনী প্রচারণা চালানো যাবে না৷ এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে৷