প্রচারণায় সরগরম শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকিংয়ে কান ঝালাফালা, পোস্টারে ছেয়ে গেছে পৌর এলাকা। দিন-রাত ২৪ ঘণ্টা ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। কে জিতছেন, কারা হারছেন তা নিয়ে দোকানপাট, রাস্তাঘাটে চলছে চুলচেরা বিশ্লেষণ। সব মিলিয়ে দলীয় প্রতীকে প্রথমবারের মতো পৌরসভা নির্বাচন নিয়ে এখন মেহেরপুর শহরে চায়ের কাপে আলোচনার ঝড়।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মেহেরপুর পৌরসভা নির্বাচনে মোট ভোটার ৩০ হাজার ৯৬৫ জন। ২৫ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মাহফুজুর রহমান, বিএনপির প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস। এর বাইরে বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ ও নিশান সাবের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত দুই প্রার্থীর পক্ষেই এখন নির্বাচনী প্রচারণা তুঙ্গে রয়েছে। আগের ঝগড়া-বিবাদ ভুলে শেষ পর্যন্ত দলীয় প্রার্থীদের পক্ষে সব নেতা-কর্মী প্রচারণায় নামবেন বলে আশা করছে দল দুটি। তবে প্রার্থীদের আশা শেষ পর্যন্ত দলীয় প্রতীকের জন্য হলেও কেউ বিরোধিতা করতে পারবেন না।

আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান বলছেন, দল থেকে মনোনয়ন পাওয়ায় দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সহযোগিতা পাবেন বলে আশা করছেন তিনি। এ নির্বাচনকে কেন্দ্র করে নেতা-কর্মীরা কোন্দল-বিভেদ ভুলে এককাট্টা হয়েছেন। তাই এবার নৌকা প্রতীকের জয় হবেই।

বিএনপির প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস বলেন, কেন্দ্রের নির্দেশে দলের সবাই এক হয়ে প্রচারে নেমেছেন। এতে সর্বাত্মক সহযোগিতা করছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মাসুদ অরুণ। দলীয় কোন্দলের বিষয়ে তিনি বলেন, ‘আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি। সব ক্ষোভ ভুলে নেতা-কর্মীরা ধানের শীষকে বিজয়ী করতে সংকল্পবদ্ধ। কেউ কেউ আমাকে পছন্দ নাও করতে পারেন। কিন্তু তাঁরা অবশ্যই ধানের শীষকে ভোট দেবেন।’

স্বতন্ত্র দুই প্রার্থীর একজন মোতাচ্ছিম বিল্লাহ টানা ২৫ বছর ধরে মেহেরপুর পৌরসভার মেয়র পদে বহাল আছেন। তিনি ১৯৯৩ সালের ২৮ মার্চ প্রথমবারের মতো মেয়র হন। এরপর যতবার ভোট হয়েছে ভোটাররা তাঁকে নিরাশ করেননি। ভোটাররা এবারও তাঁর প্রতি আস্থা রাখবেন, এমন আশা মোতাচ্ছিম।

মোতাচ্ছিম বিল্লাহ বলেন, ‘জনগণ আমাকে দীর্ঘ ২৫ বছর ক্ষমতায় রেখেছে। আমি মেহেরপুর পৌরবাসীকে সেবা দিয়ে আসছি। তবে ক্ষমতাসীন দলের কর্মীরা আমাকে প্রার্থীদের কাছে গিয়ে ভোট চাইতে দিচ্ছেন না। আমার কর্মীদের বিভিন্ন মাধ্যমে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এমনকি আমার মনোনয়ন বাতিল করার অপচেষ্টাও চালানো হয়েছে। ভোটাররা এসব অপচেষ্টার জবাব দেবেন।’

অপর স্বতন্ত্র প্রার্থী নিশান সাবের বলেন, ‘আমি পৌরবাসীর উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই। এ কারণে নির্বাচনে অংশ নিচ্ছি।’

১৮ ফেব্রুয়ারিসরেজমিনে পৌর এলাকা ঘুরে দেখা গেছে, মেয়র পদপ্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এ দিন বেলা তিনটার দিকে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান বেড়পাড়া, মণ্ডলপাড়া, কাশারিপাড়া ও হালদারপাড়ায় গণসংযোগ করেন। বিএনপির প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস ব্যস্ত ছিলেন বোসপাড়া, হঠাৎপাড়া, দিঘিরপাড়া ও তাঁতিপাড়া এলাকায় প্রচারণায়।

কেশবপাড়ার ভোটার মহিদুল মিয়া ও মল্লিকপাড়ার ভোটার মাসুদ হোসেন বলেন, এবারের নির্বাচন ঘিরে পৌরবাসী খুব উচ্ছ্বসিত। কারণ দীর্ঘ সাড়ে ছয় বছর পর নির্বাচন হতে যাচ্ছ। পৌরবাসী এলাকার উন্নয়ন চায়। যিনি উন্নয়নবান্ধব বলে বিবেচিত হবেন, তাঁকেই বেছে নেবেন ভোটাররা।

কাউন্সিলরদেরও ঘুম নেই

পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীরাও পুরোদমে এখন প্রচারণায় ব্যস্ত রয়েছেন। বিভিন্ন এলাকায় মেয়র পদপ্রার্থীদের চেয়ে তাঁদের দৌড়ঝাঁপই বেশি লক্ষ করা গেল।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌরসভায় সাধারণ কাউন্সিলরের পদ আছে নয়টি। এর বিপরীতে ৫৮ জন প্রার্থী হয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা ১৫।

জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রার্থীদের প্রচারণা চলছে।