প্রচারণায় সরগরম সাতক্ষীরার গ্রাম ও হাটবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আট বছর পর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে সাতক্ষীরা। প্রার্থীদের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে গ্রাম ও হাটবাজারগুলো। উৎসবমুখর পরিবেশে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। এরই মধ্যে ভোটব্যাংকে ‘পাহারা’ বসিয়েছেন কেউ কেউ। অনেকে আবার অপেক্ষা করছেন শেষ দুই রাতের। সাতক্ষীরাসহ উপকূলীয় জেলাগুলোতে ২৯ মার্চ শুরু হচ্ছে ভোট গ্রহণ।বুধবার সাতক্ষীরা জেলা সদরে পৌঁছাতে না পৌঁছাতেই টের পাওয়া গেল ভোট-উৎসবের আমেজ। সন্ধ্যা নামার আগেই মাইকের আওয়াজে চারদিক সরগরম। সভা, গণসংযোগ, খণ্ড মিছিল—চলছে নানাভাবে প্রচারণা। ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। জেলা সদর থেকে আট কিলোমিটার দূরে আবাদের হাট। শিবপুর ও আগরদাড়ি ইউপির নির্বাচনী প্রচারণার কেন্দ্রবিন্দু। সেখানে গিয়ে দেখা গেল জমজমাট প্রচারণা। এক কোণে নতুন বসানো একটি চায়ের দোকান। টেলিভিশন চলছে। কাপের পর কাপ চা হচ্ছে। লোকজন আসছে, যাচ্ছে। এটা শিবপুর ইউপির এক চেয়ারম্যান পদপ্রার্থীর ক্যাম্প। আবাদের হাটে নির্বাচনের খোঁজখবর নেওয়ার সময় ভিড় ঠেলে এগিয়ে আসেন মধ্যবয়সী আবুল আহাদ সরদার। তিনি সদ্য সাবেক চেয়ারম্যান আবদুল মুজিদ বিশ্বাসের প্রচার চালাচ্ছেন। আহাদ সরদারের অভিযোগ, প্রচারের সময় বিরোধী পক্ষের লোকজনের হুমকির মুখে পড়েছেন তাঁরা। আরেক চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকেরা তাঁকে অন্য কারও পক্ষ নিতে বারণ করেছেন। তবে আবুল কালাম আজাদ প্রথম আলোর প্রতিবেদককে বলেন, ‘এ অভিযোগ সত্য নয়।’ আবাদের হাট থেকে খানিক দূরেই আগরদাড়ি গ্রাম। এ গ্রামের নামেই এখানকার ইউনিয়নের নাম। জেলার সবচেয়ে বড় ইউনিয়ন এটি। আগরদাড়ি গ্রামে তিনজন চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী ক্যাম্প রয়েছে। ক্যাম্পে আলাপ হলো অন্যতম প্রার্থী আবুল হাশেমের প্রধান নির্বাচন সমন্বয়কারী আবদুল মালেকের সঙ্গে। তিনি জানালেন, আবুল হাশেমের জন্য কাজ করছেন প্রায় ২০০ কর্মী। এঁরা ছড়িয়ে-ছিটিয়ে আছেন বিভিন্ন গ্রামে। প্রতিদিন একটি মাইক ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে আসে। পাশের ইউনিয়ন আলীপুরে চেয়ারম্যান পদে লড়ছেন দুই ভাই। বড় ভাই আবদুর রউফ আগে তিনবার চেয়ারম্যান ছিলেন। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী ছোট ভাই মোস্তাফিজুর রহমান। স্থানীয় লোকজন জানান, দুই ভাইয়ের কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। শেষ পর্যন্ত কে জেতেন, তা দেখার অপেক্ষায় আছে সবাই। ভোট নিয়ে উৎসাহ-উদ্দীপনার মাঝে গুণগত মূল্যায়নের প্রবণতা একেবারে হারিয়ে যায়নি। সবখানেই ভোটারদের সঙ্গে কথা বলে বোঝা যায়, তাঁরা পরিবর্তন চান। তবে কেউ কেউ আবার উন্নয়নের স্বার্থে পুরোনো প্রার্থীকেই নির্বাচিত করার পক্ষে। নতুন-পুরোনো কোনো প্রার্থীকেই পছন্দ নয়, এমন ভোটারের সংখ্যাও খুব কম নয়। কেউ প্রার্থীদের যোগ্যতার মাপকাঠি হিসেবে দেখছেন শিক্ষাগত যোগ্যতাকে। আবার কেউ বা মনে করছেন, ন্যায় ও নীতিবান লোকদেরই জনপ্রতিনিধি হওয়া উচিত।শিবপুর ইউনিয়নের ব্যবসায়ী আবদুর রহমান বলেন, ‘টাকার কারণে এবারও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে না। এখনই চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা অনেক টাকা খরচ করছেন। চেয়ারম্যান পদপ্রার্থীদের চেয়ে মেম্বার পদপ্রার্থীদের খরচ বেশি। প্রার্থী যাঁরা হয়েছেন, তাঁরা যোগ্য নন। ভোট দিয়ে কাদের হাতে নেতৃত্ব দেব, বুঝতে পারছি না।’নির্বাচন নিয়ে এক শ্রেণীর ভোটারের নিস্পৃহতা ফুটে উঠল আগরদাড়ি গ্রামের আবুল কালাম ও আবু নূহর কণ্ঠে। তাঁরা একসুরে বলেন, গ্রামের নির্বাচন বলে বাধ্য হয়ে ভোট দিতে যেতে হয়। না গেলে আবার সমস্যা হবে। অনেকে হয়তো চাপে পড়ে ভোটকেন্দ্রে যাবেন; কিন্তু ভোট দেবেন না। হিসাব-নিকাশ করে আমরা আসলে যোগ্য প্রার্থী পাই না।সদ্য সাবেক মেম্বার-চেয়ারম্যানদের বিরুদ্ধে ভোটারদের অভিযোগের শেষ নেই। তাঁরা চাল-গম-টিন পাননি, নির্বাচনের পর চেয়ারম্যান ও মেম্বারদের দেখাও পাননি। অনেকেই বললেন, এর জবাব মুখে নয়, তাঁরা ভোটে দেবেন। আবার এসব অভিযোগ শোনার সময় অভিযুক্ত ব্যক্তিদের কেউ কেউ এসে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছেন। তাঁদের কথা, ‘নির্বাচনের আগে মানুষ এমন অনেক কথাই বলতে পারে। কিন্তু এগুলো ঠিক নয়। সবাইকে খুশি করাও সম্ভব নয়। আর কাউকে কাউকে খুশি করতে না পারলেই ওঠে অভিযোগ। আরেকজন বললেন, ‘চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে আত্মসাতের যেসব অভিযোগ করা হয়, তা সঠিক নয়। অভিযোগ করা মানুষের অভ্যাসে দাঁড়িয়েছে। তারা পেলেও বলে পাইনি।’সাতক্ষীরার শিবপুর, আগরদাড়ি, আলীপুর, লবসা, ঝাউডাঙ্গাসহ কয়েকটি ইউনিয়ন সরেজমিন ঘুরে পাওয়া নির্বাচন-পূর্ব ছবিটা ছিল এমনই।