প্রচারণায় সরব আ.লীগ, নীরব বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পাঁচ নেতা মনোনয়নপ্রত্যাশী। তবে মাঠে নেই বিএনপি-জামায়াত। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় পার্টির কোনো নেতাও মনোনয়নের বিষয়ে কিছু বলেননি।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি এস এম কামরুজ্জামান ও দপ্তর সম্পাদক মীর জহিরুল ইসলাম এবং জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর রোকেয়া পারভিন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার।
গত বুধবার জানতে চাইলে জহিরুল ইসলাম চাকলাদার বলেন, ‘আজ উপজেলা পরিষদ ও শহরের জেস টাওয়ারে ব্যক্তিগত কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছি। আমি দলীয় মনোনয়নপ্রত্যাশী।’
মীর জহিরুল বলেন, তিনি আশাবাদী, তাঁকে মনোনয়ন দেওয়া হবে। মোস্তফা ফরিদ বলেন, গত মঙ্গলবার বিকেলে তাঁর পক্ষে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। এস এম কামরুজ্জামান বলেন, বুধবার শহরের নীলগঞ্জ, রেলস্টেশন বাজার এলাকায় বুধবার জনসংযোগ করেন। রোকেয়া পারভিন বলেন, তিনি তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। জনসংযোগ করে ব্যাপক সাড়া পাচ্ছেন।
এদিকে মামলা আর গ্রেপ্তারের ভয়ে বর্তমান পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মারুফুল ইসলামসহ দল দুটির শীর্ষ নেতাদের কেউ প্রকাশ্যে প্রচারে নেই। বুধবার বিকেলে মুঠোফোনে জানতে চাইলে মারুফুল ইসলাম বলেন, ‘একের পর এক মামলা দিয়ে সরকার বিএনপির নেতাদের দাবড়ায় বেড়াচ্ছে। আমার নামে ১২টি নাশকতার মামলা দেওয়া হয়েছে। আদালতে আত্মসমর্পণ করে কারাভোগ শেষে বের হওয়ার পর সাত দিনের মাথায় আরেকটি নাশকতার মামলা দেওয়া হয়েছে। এই মামলায় এখন পালিয়ে বেড়াচ্ছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন্দ্র থেকে এখনো নির্দেশনা আসেনি। তবে আমাদের নির্বাচন করার ইচ্ছা আছে।’